গাজীপুরে বিভিন্ন দাবিতে পোশাক কারখানায় শ্রমিকদের ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সদরের কোনাবাড়ীর জরুন এলাকায় ইসলাম গ্রুপের পোশাক তৈরির কারখানায় কয়েক হাজার শ্রমিক গতকাল রোববার সকালে ব্যাপক ভাঙচুর করেছে। পরে কর্তৃপক্ষ কারখানা বন্ধ ঘোষণা করে।শ্রমিক, পুলিশ ও কারখানা কর্তৃপক্ষ জানায়, শনিবার ঈদে মিলাদুন্নবীর দিন বিকেল সাড়ে চারটা পর্যন্ত কাজ চলে। সরকারি বন্ধের দিন তাঁরা কাজ করায় শ্রমিকেরা ওভারটাইম দাবি করেন। এ নিয়ে বিকেলের পর থেকে আন্দোলন শুরু করেন তাঁরা। সন্ধ্যায় মালিকপক্ষের সঙ্গে এ নিয়ে বৈঠক শুরু হলে শ্রমিকেরা বেতন-ভাতা বৃদ্ধিসহ অন্যান্য সুযোগ-সুবিধা বাড়ানোর দাবি করেন। রাতেই এ ব্যাপারে দুই পক্ষের সমঝোতাও হয়। কিন্তু গতকাল শ্রমিকেরা কারখানায় প্রবেশ করে অতর্কিতে ভাঙচুর শুরু করেন। শ্রমিকেরা কারখানা ক্যাম্পাসের চারটি ভবনের বাইরের কাচ ভাঙচুর ও ২৮টি ফ্লোরের মেশিনপত্র, আসবাব, বৈদ্যুতিক বাতি, কম্পিউটার, টেলিফোন, ফ্যাক্সসহ অন্যান্য মালামাল লন্ডভন্ড করেন। মালামাল পরিবহনের সাতটি কার্গোও ভাঙচুর করা হয়। কারখানার ব্যবস্থাপনা পরিচালক শফিকুল ইসলাম অভিযোগ করেন, বাইরের লোকজনের সহযোগিতা ও ইন্ধনে ভাঙচুরের ঘটনা ঘটেছে। কারখানার নিটিং শাখার ব্যবস্থাপনা পরিচালক শাকের আহমেদ বলেন, এ ঘটনায় কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। গাজীপুরের সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আক্তারুজ্জামান কারখানায় ব্যাপক ভাঙচুরের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশিদ জানান, ভাঙচুরের সময় মালিকপক্ষের অনুমতি না পাওয়ায় পুলিশ অ্যাকশনে যেতে পারেনি। অল্পসংখ্যক হলেও আগে থেকেই কারখানার গেটে পুলিশ মোতায়েন ছিল। তিনি আরও জানান, ভাঙচুরের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।