গাজীপুরে বিভিন্ন পদ্ধতির অনিয়ম দেখেছে জনগণ: জামায়াত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামী দাবি করেছে, গাজীপুরে আওয়ামী লীগের বিভিন্ন পদ্ধতির অনিয়ম ও ভোট চুরির ঘটনা প্রত্যক্ষ করেছে জনগণ। এ নির্বাচনের মাধ্যমে আবারও প্রমাণিত হয়েছে, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ছাড়া বাংলাদেশে নিরপেক্ষ, স্বচ্ছ নির্বাচন সম্ভব নয়। গতকাল শনিবার এক বিবৃতিতে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান এসব কথা বলেন।

বিবৃতিতে বলা হয়, গাজীপুর সিটি নির্বাচনে সরকার-সমর্থিত প্রার্থীকে বিজয়ী করার জন্য ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের পাশাপাশি পুলিশও নগ্ন ভূমিকায় অবতীর্ণ হয়। কোনো কোনো কেন্দ্রে বিলম্বে ভোট গ্রহণ শুরু, আবার কোনো কেন্দ্রে নির্দিষ্ট সময়ের আগেই ভোট গ্রহণ বন্ধ করে দেওয়া হয়। র‌্যাব অনেক কেন্দ্রে পরিচয়পত্র ছাড়া ভোটারদের ভোট দিতে দেয়নি। বিবৃতিতে আরও দাবি করা হয়, ভোট গ্রহণ শেষে আওয়ামী লীগ, যুবলীগের ক্যাডাররা ফলাফল প্রকাশের ব্যাপারে প্রভাব বিস্তারের অপচেষ্টা চালায়। এসব ঘটনা থেকে প্রতীয়মান হয়, জাতীয় নির্বাচনে তারা আরও মরিয়া হয়ে উঠবে।