গাজীপুরে বিলুপ্তপ্রায় প্রজাতির বৃক্ষরোপণ
গাজীপুরের পুবাইলের খিলগাঁও রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গতকাল শুক্রবার বিলুপ্তপ্রায় প্রজাতির শতাধিক বৃক্ষ রোপণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘তরুপল্লব’। তরুপল্লব সারা দেশে এ ধরনের ঔষধি ও ফলদ গাছ লাগানোর কর্মসূচি পালন করছে। সংগঠনের সাধারণ সম্পাদক মোকারম হোসেন বলেন, অশোক, নাগলিঙ্গম, হরীতকী, আমলকী, অর্জুনসহ বিলুপ্তপ্রায় প্রজাতির বিভিন্ন ধরনের গাছ দেশের প্রত্যন্ত এলাকা থেকে সংগ্রহ করা হয়। সেগুলো এভাবে বিভিন্ন এলাকায় রোপণ করা হয়। তিনি বলেন, এ কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষ উৎসাহী হয়ে বাড়ির আশপাশ ও পরিত্যক্ত জায়গায় গাছ রোপণ করে এসব মূল্যবান বৃক্ষকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করবেন বলে তাঁরা আশা করছেন।বৃক্ষরোপণ কর্মসূচিতে অন্যান্যের মধ্যে কৃষিবিদ মো. কামরুজ্জামান, স্থপতি মুস্তাক কাদরী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রভাষক দেবাশীষ বিশ্বাস, স্কুলের পরিচালনা পর্ষদের সভাপতি শেখ রেজাউল করিম, উপজেলা সহশিক্ষা কর্মকর্তা মো. আবদুল কুদ্দুস, স্কুলের প্রধান শিক্ষিকা খন্দকার জুঁই আক্তার উপস্থিত ছিলেন।