বাংলাদেশে কলেজশিক্ষার মানোন্নয়ন ও কলেজ প্রশাসনকে গতিশীল করার লক্ষ্যে বিশ্বব্যাংকের প্রতিনিধিদল ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের সমন্বয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে অনুষ্ঠিত হয় এ কর্মশালা। এতে বক্তারা বলেন, কলেজশিক্ষার মানোন্নয়ন করতে শিগগিরই শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে ১০ কোটি ডলারের প্রকল্পের ঘোষণা দেওয়া হবে।
কর্মশালায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হারুন-অর-রশিদ দাবি করেন, উচ্চস্তর থেকে শুরু করে নিম্নস্তর পর্যন্ত শিক্ষাক্ষেত্রে এক নবজাগরণ সৃষ্টি হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য মো. আসলাম ভূঁইয়া (প্রশাসন), সহ-উপাচার্য মুনাজ আহমেদ নূর (একাডেমিক), বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, কলেজ পরিদর্শক, বিশ্বব্যাংকের পক্ষে সিনিয়র অপারেশন অফিসার এম এস ইয়োকো নাগাসিমা, অপারেশনস এনালিস্ট হেনা মুখার্জি, সিনিয়র এডুকেশন স্পেশালিস্ট এম এস কার্তিকা রাধাকিশন নায়ের প্রমুখ উপস্থিত ছিলেন।