গাজীপুরে বিসিকের তরল বর্জ্য যাচ্ছে তুরাগ নদে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সদর উপজেলার কোনাবাড়ী বিসিক শিল্পনগরসহ আশপাশের কয়েকটি কারখানার তরল বর্জ্য তুরাগ নদে গিয়ে পড়ছে। বর্জ্যের দুর্গন্ধে আশপাশের এলাকায় বসবাস করা কঠিন হয়ে পড়েছে।এলাকাবাসী ও কোনাবাড়ী বিসিক সূত্র জানায়, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে অবস্থিত কোনাবাড়ী বিসিক শিল্পনগরে ১৫২টি শিল্প-কারখানা রয়েছে। এর মধ্যে রয়েছে নয়টি ডায়িং কারখানা। এসব ডায়িং কারখানার একটিতেও এটিপি (বর্জ্য শোধনাগার) নেই। বিসিক ও কারখানাগুলোর কর্তৃপক্ষ ডায়িং কারখানাগুলোর বিষাক্ত তরল বর্জ্য যাওয়ার জন্য মহাসড়ক ঘেঁষে নর্দমা তৈরি করেছে। ওই নর্দমা দিয়ে তরল বর্জ্য যাচ্ছে কড্ডার খালে। আর খাল থেকে সেসব বর্জ্য গিয়ে পড়ছে তুরাগ নদে।সম্প্রতি বিসিকের পানি যাওয়ায় নর্দমা বিভিন্ন কারণে বন্ধ হয়ে যায়। এতে তরল বর্জ্য ছড়িয়ে পড়ে মহাসড়কের ওপর। এতে সৃষ্টি হয় খানাখন্দের। এ নিয়ে ১২ সেপ্টেম্বর প্রথম আলোয় ‘কারখানার তরল বর্জ্যে ক্ষতিগ্রস্ত মহাসড়ক’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। পরদিনই পরিবেশ অধিদপ্তর কোনাবাড়ী বিসিক এলাকায় অভিযান চালিয়ে চারটি ডায়িং কারখানাকে দুই কোটি ২১ লাখ টাকা জরিমানা করে।কোনাবাড়ী বাইমাইল এলাকার বাসিন্দা সারওয়ার হোসেন বলেন, কারখানার বিষাক্ত বর্জ্যের দুর্গন্ধে আশপাশের লোকজন অতিষ্ঠ হয়ে পড়েছে। আশপাশের লোকজনের মধ্যে নানা ধরনের রোগব্যাধি ছড়িয়ে পড়ছে। তিনি বলেন, বর্ষাকালে নদে পানি বেশি থাকায় তেমন প্রভাব পড়ে না। কিন্তু শুষ্ক মৌসুমে ব্যাপক প্রভাব পড়ে।কোনাবাড়ী বিসিক শিল্পনগরের প্রধান কর্মকর্তা তাজুল ইসলাম ভূঁইয়া জানান, বিসিকের নয়টি ডায়িং কারখানার কোনোটিরই ইটিপি নেই। তবে দু-তিনটি কারখানায় ইটিপি স্থাপনের কাজ ৭০ শতাংশ শেষ হয়েছে। বর্তমানে বিসিকের তরল বর্জ্যসহ বাইমাইল এলাকার কয়েকটি কারখানার তরল বর্জ্য একই নর্দমা দিয়ে কড্ডার খালে ফেলা হচ্ছে।পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী বলেন, পর্যায়ক্রমে পরিবেশ দূষণকারী সব কারখানায় অভিযান চালানো হবে। ইটিপি ছাড়া কোনো ডায়িং কারখানা চালানো যাবে না। যেসব কারখানা পরিবেশ অধিদপ্তরের আইন মেনে চলবে না, সেগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।