গাজীপুরে বেড়াতে গিয়ে মারা গেলেন সাবানুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাবানুর
সাবানুর

গাজীপুরের কালিয়াকৈরে রাঙামাটি ওয়াটার ফ্রন্ট নামের একটি রিসোর্টে বেড়াতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন সাবানুর আলম ওরফে শান্ত। এ ঘটনায় গতকাল শনিবার রাতে রিসোর্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অবহেলার অভিযোগ এনে একটি মামলা করেন সাবানুরের বাবা মো. ইকবাল আলম। মামলায় রিসোর্টের মালিকসহ ১৭ জনের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ আনা হয়েছে।
সাবানুর আলম (২৭) প্রথম আলো ডিজিটালে কাজ করতেন। সাবানুর তাঁর বাবার সঙ্গে ঢাকার বাসাব এলাকায় বাস করতেন।
মামলার এজাহার ও সাবানুরের পরিবার সূত্রে জানা গেছে, সাবানুর আলম গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার সময় তাঁর সহকর্মীদের সঙ্গে ওই রিসোর্টে যান। আনুমানিক রাত নয়টার দিকে সাবানুর ও তাঁর সহকর্মী আরেফিন রিসোর্টের সুইমিংপুলে সাঁতার কাটতে নামেন। একপর্যায়ে দুজনেই ডুবে যান। তাঁদের আরেক সহকর্মী আমিনুর রহমানের চিৎকারে সবাই এসে অজ্ঞান অবস্থায় প্রথমে আরেফিন ও পরে সাবানুরকে উদ্ধার করে।
মামলার এজাহারে ইকবাল আলম বলেন, এ সময় রিসোর্টের তত্ত্বাবধানে থাকা লোকজনকে খোঁজাখুঁজি করে পাওয়া গেলেও তাঁরা কোনো সাহায্য করেননি। অনেক চেষ্টার পরে সাবানুর ও আরেফিনকে সফিপুর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাঁদের সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। এনাম মেডিকেলের কর্তব্যরত চিকিৎসক সাবানুরকে
মৃত ঘোষণা করেন। আর আরেফিনকে আইসিইউতে চিকিৎসা দেওয়া হয়। গতকাল শনিবার হাসপাতাল থেকে আরেফিন ছাড়া পেয়েছেন।
সাবানুরের বাবার অভিযোগ, গতকাল তিনি লোকজন নিয়ে ওই রিসোর্টে গিয়ে দেখতে পান, সুইমিং পুলের পানি দীর্ঘদিন পরিবর্তন না করায় সুইমিং পুলের পাড়সহ তলদেশ শেওলা পড়ে পিচ্ছিল ছিল। এ ছাড়া সুইমিং পুল এলাকায় সম্পূর্ণ অন্ধকারাচ্ছন্ন এবং ফ্লাডলাইট সব অকেজো অবস্থায় ছিল। সুইমিং পুলের নিয়মানুযায়ী গভীরতা কত তার কোনো নির্দেশনা ছিল না। রিসোর্ট কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলার কারণে তাঁর ছেলের মৃত্যু হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
এ মামলার আসামিরা হলেন রাঙামাটি ওয়াটার ফ্রন্টের চেয়ারম্যান এ কে এম রফিকুল ইসলাম, তাঁর স্ত্রী ও রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক লুৎফা ইসলাম, জিএম মুসা ও কর্মকর্তা-কর্মচারীসহ ১৭ জন।
ইকবাল আলম গতকাল প্রথম আলোকে বলেন, ‘রিসোর্ট কর্তৃপক্ষের অবহেলার কারণেই আমার ছেলের মৃত্যু হয়েছে। মামলা করলে ছেলেকে ফেরত পাব না, কিন্তু কর্তৃপক্ষ সতর্ক হলে আর কোনো পিতার সন্তান হারাতে হবে না।’
সাবানুরকে গত শুক্রবার বাদ জুমা জানাজা শেষে মুগদা কবরস্থানে দাফন করা হয়। গতকাল শনিবার তাঁর রুহের মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
সাবানুরের অকালমৃত্যুতে প্রথম আলো কর্তৃপক্ষ গভীর শোক প্রকাশ করেছে এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।