গাজীপুরে বেতনের দাবিতে বিক্ষোভ, সংঘর্ষে আহত ১৫
বেতনের দাবিতে গাজীপুর সদর উপজেলার একটি পোশাক কারখানার শ্রমিকেরা গত বুধবার রাতে বিক্ষোভ করেছেন। বিক্ষুব্ধ শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। অন্যদিকে শ্রমিক অসন্তোষের জেরে গতকাল বৃহস্পতিবার ঢাকার আশুলিয়ার আরও একটি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে।
শ্রমিক ও শিল্প পুলিশ সূত্রে জানা গেছে, গাজীপুর সদরের ছয়দানা এলাকার ইস্ট-ওয়েস্ট পোশাক কারখানার শ্রমিকদের মে মাসের বেতন দেওয়ার নির্ধারিত তারিখ ছিল বুধবার।
কিন্তু কর্তৃপক্ষ পুরো টাকার ব্যবস্থা করতে না পারায় শ্রমিকদের আংশিক (শতকরা ১৫ ভাগ কম) বেতন দিতে যায়। শ্রমিকেরা এর প্রতিবাদ জানান এবং মে মাসের পুরো বেতনের দাবিতে বিক্ষোভ শুরু করেন। দাবি পূরণে কর্তৃপক্ষ কোনো সিদ্ধান্ত না দেওয়ায় শ্রমিকেরা কারখানায় ভাঙচুর শুরু করেন। রাত সাড়ে আটটার দিকে তাঁরা পার্শ্ববর্তী ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ ও বেশ কিছু গাড়ি ভাঙচুর করেন। একপর্যায়ে পুলিশ মহাসড়ক থেকে শ্রমিকদের সরাতে গেলে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। এ সময় শ্রমিকদের ছোড়া ইট-পাটকেলে তিন পুলিশ সদস্য আহত হন। আর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিপেটা করে ও শটগানের ফাঁকা গুলি ছোড়ে। এ সময় অন্তত ১২ জন শ্রমিক আহত হন। রাত সাড়ে নয়টার দিকে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
সড়ক দুর্ঘটনায় দুই শ্রমিক নিহত: গাজীপুর সদরের বড়বাড়ি এলাকায় বুধবার রাতে সড়ক দুর্ঘটনায় স্থানীয় ইউনিক ডিজাইনার্স পোশাক কারখানার দুই শ্রমিক নিহত হন। এ ঘটনার প্রতিবাদে গতকাল সকালে কারখানাটির শ্রমিকেরা বিক্ষোভ ও কর্মবিরতি পালন করেন।
শ্রমিক ও শিল্প পুলিশ সূত্রে জানা যায়, কাজ শেষে বুধবার রাত সাড়ে আটটার দিকে বাসায় ফিরছিলেন কারখানাটির শ্রমিক মাহফুজা বেগম ও রেবা আক্তার। পথে বড়বাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন তাঁরা। রাতেই মাহফুজাকে ঢাকার আয়েশা হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল সকালে তাঁর মৃত্যু হয়। আর রেবা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এ ঘটনার প্রতিবাদে গতকাল সকাল আটটার দিকে ওই কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে কর্মবিরতি শুরু করেন। কর্তৃপক্ষ কারখানা বৃহস্পতিবারের জন্য ছুটি ঘোষণা করেছে।
আশুলিয়ায় আরও একটি কারখানা বন্ধ: এদিকে আশুলিয়া এলাকার বিভিন্ন পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ অব্যাহত রয়েছে। শ্রমিক অসন্তোষের জের ধরে গতকাল জিরাবো এলাকার ওমর হো নামের একটি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। এ ছাড়া শ্রমিকেরা কর্মবিরতি পালন করায় উৎপাদন বন্ধ ছিল দুটি কারখানায়। আর আগুন আতঙ্কে ছুটি ঘোষণা করা হয় ছয়টিতে।
শিল্প পুলিশ ও শ্রমিক সূত্রে জানা যায়, কর্তৃপক্ষ দাবিদাওয়া না মানায় জিরাবো এলাকার ওমর হো নামের একটি পোশাক কারখানায় বেশ কয়েক দিন ধরে শ্রমিকদের মধ্যে ক্ষোভ বিরাজ করছিল। এর জের ধরে গতকাল কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। গতকাল সকালে শ্রমিকেরা কর্মস্থলে গিয়ে কারখানা বন্ধ দেখতে পেয়ে বিক্ষোভ শুরু করেন। তবে পরে পুলিশ ধাওয়া করে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়।
এদিকে পারিশ্রমিক ও যাতায়াত ভাতা বৃদ্ধি করাসহ বিভিন্ন দাবিতে গতকাল আশুলিয়ার খেজুরবাগান এলাকার সিআইপিএল ও মেট্রো নামের দুটি পোশাক কারখানার শ্রমিকেরা কর্মবিরতি পালন করেন। এর ফলে কারখানা দুটিতে গতকাল উৎপাদন বন্ধ ছিল।