গাজীপুরে বেনজির হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া দুজন রিমান্ডে
গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মচারী বেনজির আহম্মদ হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া আল আমিন (২৫) ও সেলিনা বেগমকে (৩০) গতকাল সোমবার রিমান্ডে নিয়েছে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা ও মৌচাক পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান জানান, আসামিদের গাজীপুর মুখ্য বিচারিক হাকিম আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডের আবেদন জানানো হয়। আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। পুলিশ জানায়, গত শুক্রবার দুপুরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ভান্নারা এলাকার একটি বাড়ির পাশ থেকে বেনজির আহম্মদের লাশ উদ্ধার করা হয়। পরদিন শনিবার নিহতের ছেলে বাদী হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মচারী মোমেন উদ্দিন, মনিরুজ্জামান, সোহরাব ভাণ্ডারি, আবদুল বাতেন, নজরুল ইসলাম, জসিম উদ্দিন, আজাহার, সেলিম ভাণ্ডারি, সেলিনা বেগম ও আবু সাইদের বিরুদ্ধে হত্যা মামলা করেন। একই দিন আল আমিন ও সেলিনাকে গ্রেপ্তার করে পুলিশ। আল আমিনকে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে গ্রেপ্তার করা হয়। মামলার এজাহারে বাদী অভিযোগ করেন, বৃহস্পতিবার বিকেলে ছুটির পর বেনজির অফিস থেকে জেলা প্রশাসন চত্বরে চতুর্থ শ্রেণীর সরকারি কর্মচারী সমিতির কার্যালয়ে যান। রাত আটটার দিকে একটি ফোন পেয়ে তিনি দ্রুত বের হয়ে যান। রাত সাড়ে ১০টার দিকে বাড়িতে ফোন করে তিনি কালিয়াকৈরে আছেন বলে জানান। পরদিন দুপুরে তাঁর লাশ উদ্ধার করা হয়।