অনার্স-মাস্টার্স কোর্সে নিয়োগকৃত বেসরকারি শিক্ষকদের এমপিওভুক্ত করাসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন করেছেন বেসরকারি কলেজের শিক্ষকেরা। গতকাল বুধবার দুপুরে গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে দুই ঘণ্টাব্যাপী মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক সমিতি।
মানববন্ধনের পর সেখানে সংক্ষিপ্ত সমাবেশে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি নেকবর হোসাইন বলেন, শিক্ষকদের দাবির মধ্যে রয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বেসরকারি কলেজে অনার্স-মাস্টার্স কোর্সে নিয়োগকৃত শিক্ষকদের এমপিওভুক্তির জন্য সরকারের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া, এমপিওভুক্ত না হওয়া পর্যন্ত সব অধিভুক্ত কলেজে অনার্স-মাস্টার্স কোর্সে নিয়োগকৃত শিক্ষকদের কলেজের ছাত্রছাত্রীদের কাছ থেকে আদায়কৃত অর্থ জাতীয় বিশ্ববিদ্যালয়ের তহবিলে জমা করে সেখান থেকে শতভাগ বেতন-ভাতা নিশ্চিত করা ইত্যাদি।