গাজীপুরে বেস্টওয়ে আবাসন প্রকল্পে হামলার ঘটনায় মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সদরের পোড়াবাড়ি এলাকায় বেস্টওয়ে ভূইয়া প্রপার্টিজ নামের একটি আবাসন প্রকল্পে হামলার ঘটনায় গতকাল মঙ্গলবার জয়দেবপুর থানায় মামলা হয়েছে। প্রকল্পটির পরিচালক রুহুল আমিন খান ১২ জনের নাম উল্লেখ করে দুই শতাধিক ব্যক্তির বিরুদ্ধে এ মামলা করেন।এদিকে জমি দখলের অভিযোগ এনে স্থানীয় বন বিভাগ বেস্টওয়ের কর্মকর্তাদের বিরুদ্ধে গতকাল একই থানায় মামলা করেছেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার বেলা সাড়ে ১১টার দিকে দুই শতাধিক এলাকাবাসী প্রকল্পের ভেতরে ঢুকে একটি মাইক্রোবাস ও দুটি মোটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দেয়। এ সময় প্রকল্প কার্যালয়ের দুটি কক্ষ ভাঙচুর ও তছনছ করা হয়। এতে আবাসন প্রকল্পের ১৫ কর্মকর্তা-কর্মচারী আহত হন। এ ঘটনায় বেস্টওয়ের পক্ষে মামলা করা হয়।এদিকে ভাওয়াল জাতীয় উদ্যান রেঞ্জের ফরেস্টার আ. সবুর বাদী হয়ে বেস্টওয়ে ভূইয়া প্রপার্টিজের ব্যবস্থাপনা পরিচালক জয়নাল আবেদিন ভূইয়াসহ ১৬ জনের নাম উল্লেখসহ ৫০-৬০ জনের বিরুদ্ধে মামলা করেছেন। মামলার এজাহারে বেস্টওয়ের বিরুদ্ধে বন বিভাগের ২০ একর ৬৮ শতাংশ জমি দখলের অভিযোগ আনা হয়েছে।যোগাযোগ করা হলে জয়নাল আবেদিন ভূইয়া জানান, এর আগে বন বিভাগ মামলায় হেরে গেছে। সর্বোচ্চ আদালতের নির্দেশে স্থানীয় ভূমি কার্যালয় তার (জয়নাল আবেদিন) নামে নামজারি দিয়েছে। তিনি আরও বলেন, প্রকল্প এলাকায় কারও জমি দখল করা হয়নি। প্রকৃত মালিকদের কাছ থেকে জমি কেনা হয়েছে।