গাজীপুরে বোমা হামলার দায়ে ১০ জঙ্গির মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরে আইনজীবী সমিতির কার্যালয়ে বোমা হামলার ঘটনায় করা হত্যা মামলার রায় ঘোষণা করা হয়েছে। এতে নিষিদ্ধ জামাআতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) ১০ জঙ্গিকে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪ এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডাদেশ পাওয়া ১০ জন জঙ্গি হলেন এনায়েতুল্লাহ ওরফে ওয়ালিদ, আরিফুর রহমান, মসিদুল ইসলাম, সাইদুর রহমান মুনশি, আবদুল্লাহ আল হোসাইন, নিজামুদ্দিন রেজা, তৈয়বুর রহমান, আশরাফুল ইসলাম, শফিউল্লাহ ও আদনান সামি।

আদালত সূত্রে জানা যায়, ২০০৫ সালের ২৯ নভেম্বর গাজীপুরে আইনজীবী সমিতির কার্যালয়ে বোমা হামলা চালায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবি। এতে আইনজীবী আমজাদ হোসেন, গোলাম ফারুক, নুরুল হুদা ও আনোয়ারুল আজিমসহ আটজন নিহত হন।

এ ঘটনায় ওই দিনই পুলিশ বাদী হয়ে গাজীপুর থানায় বোমা ও হত্যা মামলা করে। ২০০৭ সালের ৪ জুলাই জেএমবির ১০ সদস্যের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দেয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

ঝালকাঠিতে দুই বিচারক হত্যা মামলায় জেএমবির প্রধান আবদুর রহমান, তাঁর ভাই আতাউর রহমান সানি, বাংলা ভাই ও অপর একজনের ফাঁসি হওয়ায় মামলার অভিযোগ থেকে এই চারজনকে বাদ দেওয়া হয়। মামলায় রাষ্ট্রপক্ষ ৭০ জন সাক্ষীকে আদালতে উপস্থাপন করে।