গাজীপুরে ব্যবসায়ী ও সাভারে যুবক খুন
গাজীপুর সদর উপজেলার আমবাগ এলাকার দোকানে গত বুধবার দিবাগত রাতে এক ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার ঢাকার সাভারে ছুরিকাঘাতে খুন হয়েছেন এক যুবক।
গাজীপুরে নিহত ব্যবসায়ী রুস্তম আলী (৬০) বাগেরহাটের কচুয়া উপজেলার রাধবকাঠি এলাকার মৃত উকিল উদ্দিনের ছেলে। সাভারে নিহত ভাসান (২৮) পৌরসভার বাঁশপট্টির কোরবান আলীর ছেলে।
রুস্তমের পরিবার ও পুলিশ জানায়, রুস্তম আমবাগ এলাকার একটি বাড়িতে সপরিবারে ভাড়া থাকতেন। কোনাবাড়ী-আমবাগ সড়কের পাশে হান্নান মিয়ার মার্কেটে একটি দোকান ভাড়া নিয়ে জুতার ব্যবসা করতেন। গত বুধবার বাসায় রাতের খাবার খেয়ে ১২টার দিকে দোকানে ঘুমাতে যান। গতকাল সকালে তিনি বাড়িতে না যাওয়ায় পরিবারের লোকজন এসে দেখেন দোকানের সামনের ঝাঁপ খোলা। তারা ভেতরে গিয়ে দেখে রুস্তমের মৃতদেহ রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে আছে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়।
এ ব্যাপারে জয়দেবপুর থানায় হত্যা মামলা করা হয়েছে। নিহত রুস্তমের ছেলে ইকবাল হোসেন জানান, ব্যবসা নিয়ে স্থানীয় কয়েকজনের সঙ্গে তাঁর বাবার বিরোধ ছিল। তবে কী কারণে তাঁকে হত্যা করা হলো, সেটা এখনো পরিষ্কার নয়।
জয়দেবপুর থানাধীন কোনাবাড়ী পুলিশ ক্যাম্পের এসআই মো. রবিউল আলম বলেন, বুধবার দিবাগত রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা রুস্তমকে ধারালো অস্ত্র দিয়ে গলায় ও মাথার পেছনে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।
পুলিশ জানায়, গতকাল সকাল সাড়ে সাতটার দিকে বাসা থেকে বের হন ভাসান। এর আধা ঘণ্টা পরে বাড়ির পাশে নামাবাজার মিয়া ওয়েল মিলের কাছে তাঁকে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখে লোকজন বাসায় খবর দেয়।
ঘটনার পর ভাসানের বড় ভাই ইজ্জত আলী সাভারের ঘোড়াদিয়া গ্রামের লিটন (৩০), তাঁর বন্ধু শাজাহানসহ নয়জনকে আসামি করে থানায় মামলা করেছেন।
ভাসানের ভাই মেকাইলাসহ স্থানীয়রা জানান, ঘটনার পরপরই তাঁরা লিটন, শাজাহানসহ আরও কয়েকজনকে ছুরি হাতে দৌড়াতে দেখেছেন। কিন্তু তখনো তাঁরা জানতেন না ভাসান মারা গেছেন। তিনি জানান, তাঁর ভাই ভাসান, লিটন, শাজাহান, নান্নু ও স্বপন একে অপরের বন্ধু। তাঁরাসহ আরও কয়েকজন একসঙ্গে থেকে মাদক সেবন করতেন। লিটনসহ কয়েকজন মাদক ব্যবসাও করতেন।