গাজীপুরে ব্যবসায়ী খুন
গাজীপুর সদরের কড্ডা এলাকায় মঙ্গলবার রাতে এক ব্যবসায়ী খুন হয়েছেন। নিহত ব্যক্তির নাম শরীফ হোসেন (২৪)। তিনি কড্ডা কাঁঠালিয়া এলাকার কামাল হোসেনের ছেলে। দুর্বৃত্তরা শরীফকে হত্যার পর ক্যাশবাক্স থেকে আনুমানিক দুই লাখ টাকা ও মালামাল লুট করেছে বলে পরিবারের সদস্যরা দাবি করেছে। গতকাল বুধবার সকালে ব্যবসাপ্রতিষ্ঠান ও নিজ বাড়ির মধ্যবর্তী স্থান তুরাগ নদের একটি শাখায় (খাল) তাঁর লাশ পাওয়া যায়। পুলিশ জানিয়েছে, নিহত ব্যক্তির গলায় ধারালো অস্ত্রের আঘাত ও শ্বাস রোধ করার চিহ্ন রয়েছে।হত্যাকাণ্ডের ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য জয়দেবপুর থানা পুলিশ শরীফের ব্যবসাপ্রতিষ্ঠানের চার কর্মচারীকে গ্রেপ্তার করেছে। তাঁরা হলেন, সিরাজগঞ্জের চৌহালি ধুপপাড়ার আ. রহিম (২২), চাঁদপুরের ফরিদগঞ্জের আবদুস সালাম (২২), গাজীপুর সদরের বাড়িয়ালি এলাকার বুলবুল হোসেন (২০) ও দিঘালিয়ারটেক এলাকার মো. সোহেল (২৩)। ঘটনার অন্যতম সন্দেহভাজন ব্যবসাপ্রতিষ্ঠানের অপর কর্মচারী মো. শহীদুল্লা (২৪) পলাতক রয়েছেন।এলাকাবাসী ও পুলিশ জানায়, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে কড্ডা বাজারে শরীফের পরিবারের শরীফ স্টোর, শরীফ টেলিকমসহ চারটি ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। শরীফেরা চার ভাই ও এক বোন। গত মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে কর্মচারী মো. শহীদুল্লাকে নিয়ে বাড়িতে খাবার খেয়ে বাকি কর্মচারীদের জন্য খাবার নিয়ে কড্ডা বাজারে ফিরছিলেন। পথিমধ্যে তিনি খুন হন। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, একা বা সহযোগী নিয়ে শহীদুল্লা শরীফকে হত্যা করে ব্যবসাপ্রতিষ্ঠানে এসে নগদ টাকা ও মালামাল নিয়ে গেছে।গতকাল সকালে নিহত ব্যক্তির বাড়িতে চলছিল শোকের মাতম। বাড়িজুড়ে আত্মীয়স্বজনের ভিড়। শরীফের মা নুরুন নাহার বেগম জানান, ভাইদের মধ্যে শরীফ ছোট ও অবিবাহিত। ছোট বোনের পর শরীফকে বিয়ে করানোর কথা ছিল। তিনি বলতে থাকেন, ‘কিন্তু কী হইয়্যা গেল। আমার পুতেরে ক্যাডায় কী কারণে মারল।’ পরিবারের অন্য সদস্যেরা জানায়, বাড়িতে খাবার খেয়ে শরীফ রাতে ব্যবসাপ্রতিষ্ঠানে ঘুমাতেন। এ কারণে মঙ্গলবার রাতে বাড়ি থেকে যাওয়ার পর শরীফের কেউ খোঁজ করেনি। দোকানের বাকি কর্মচারীরা রাতের খাবারের জন্য অপেক্ষা করেন। তাঁরা শরীফ ও শহীদুল্লার মুঠোফোনে কল করে সাড়া না পেয়ে একপর্যায়ে ঘুমিয়ে পড়েন। গতকাল সকালে স্থানীয় লোকজন পানিশূন্য খালে লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়।গতকাল সকালে জয়দেবপুর থানার উপপরিদর্শক (এসআই) মোবারক হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, ব্যবসাপ্রতিষ্ঠানের টাকা লুট করার জন্য, নাকি অন্য কোনো কারণে শরীফ হোসেনকে হত্যা করা হয়েছে, তার তদন্ত চলছে।পুলিশ কর্মকর্তা আরও জানান, নিহত শরীফের বাবা কামাল হোসেন বাদী হয়ে মামলা করেছেন।