গাজীপুরে ব্যবসায়ী হত্যার মামলায় চারজনের ফাঁসি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের টঙ্গীতে ব্যবসায়ী মোকছেদ আলী ওরফে সেন্টুকে হত্যার দায়ে চারজনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। গত রোববার দুপুরে গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. ফজলে এলাহী ভূঁইয়া এ আদেশ দেন।
দণ্ড পাওয়া আসামিরা হলেন টঙ্গীর এরশাদনগর এলাকার মো. রুবেল (৩৫), মো. বাবু (৩২), আশরাফ আলী (৩০) ও টঙ্গীর আউচপাড়া এলাকার মো. সোলাইমান (৩২)।
আদালত সূত্র জানায়, চাঁদার দাবিতে ২০০৬ সালের ২৭ জানুয়ারি রাতে ওই চার আসামি কুপিয়ে টঙ্গীর এরশাদনগর এলাকার বাড়ির পাশে মোকছেদ আলীকে হত্যা করেন। সে ঘটনায় নিহত ব্যক্তির বাবা টঙ্গী থানায় মামলা করেন। শুনানি শেষে রোববার বিচারক আসামিদের সবাইকে মৃত্যুদণ্ড দেন। পাশাপাশি প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করেন। এ ছাড়া চাঁদাবাজির অপরাধে প্রত্যেককে ১৪ বছরের সশ্রম কারাদণ্ডসহ ১০ হাজার টাকা জরিমানার আদেশ দেন।