গাজীপুরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরে গত শনিবার অজ্ঞাতনামা সন্ত্রাসীরা মিলন ভূঁইয়া (৩০) নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে।মিলনের চাচা হাবিবুর রহমান ভূঁইয়া বলেন, মিলন সেন্টারিংয়ের মালামাল ভাড়া দেওয়ার ব্যবসা করতেন। শনিবার মামাতো ভাই শাজাহানকে নিয়ে ব্যবসার কাজে মোটরসাইকেলে করে বাঘেরবাজারে যান। সেখান থেকে ফেরার সময় সন্ধ্যা সাতটার দিকে ভাওয়াল জাতীয় উদ্যানের ৪ নম্বর ফটকের কাছে পৌঁছালে ১০-১২ জন সন্ত্রাসী মোটরসাইকেলের গতিরোধ করে তাঁকে কুপিয়ে ও ছুরিকাঘাত করে পালিয়ে যায়। সন্ত্রাসীরা শাজাহানকেও কুপিয়ে আহত করে। খবর পেয়ে তাঁরা মিলনকে উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। সন্ত্রাসীরা মিলনের মোটরসাইকেল, নগদ ৫০ হাজার টাকা ও দুটি মুঠোফোন নিয়ে গেছে। তিনি জানান, ব্যবসায়িক কারণে মিলনের সঙ্গে বাঘেরবাজার এলাকার আমির হোসেন নামের এক ব্যক্তির বিরোধ ছিল। তবে কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা তাঁদের জানা নেই। জয়দেবপুর থানার হোতাপাড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সৈয়দ আজাহার হোসেন জানান, ধারালো অস্ত্র দিয়ে মিলনের শরীরে ২৫টিরও বেশি কোপ দেওয়া হয়েছে। ছুরিকাঘাত করে নাড়িভুঁড়ি বের করে ফেলা হয়েছে।