গাজীপুরে ব্যবসায়ীকে শ্বাসরোধ করে হত্যা
গাজীপুর পৌরসভার পূর্ব ভুরুলিয়া এলাকায় একজন ব্যবসায়ীকে দুর্বৃত্তরা শ্বাসরোধে হত্যা করেছে। জয়দেবপুর থানার পুলিশ গতকাল শনিবার সকালে তাঁর লাশ উদ্ধার করেছে। ওই ব্যবসায়ী হলেন গাজীপুর সদর উপজেলার কানাইয়া নয়ানিপাড়া গ্রামের মৃত লোকমান হোসেনের ছেলে শাহজাহান মিয়া (৩৫)।শাহজাহান মিয়ার স্বজন ও পুলিশ সূত্রে জানা গেছে, ব্যবসায়ী শাহজাহান মিয়া গত বৃহস্পতিবার সকালে নিজের মোটরসাইকেলসহ বাড়ি থেকে বের হয়ে যান। ওই দিন থেকে তিনি নিখোঁজ হন। তাঁর স্বজনেরা এলাকার বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি। গতকাল শনিবার সকালে এলাকাবাসী গাজীপুর পৌরসভার পূর্ব ভুরুলিয়ার বঙ্গবন্ধু সাফারি পার্কের অস্থায়ী কার্যালয়ের পাশে লেহাজ উদ্দিনের মাছের খামারে শাহজাহানের লাশ ভাসতে দেখেন। পরে এলাকাবাসী তাঁর পরিবারে খবর দিলে স্বজনেরা ঘটনাস্থলে এসে লাশ শনাক্ত করেন। খবর পেয়ে জয়দেবপুর থানার পুলিশ সকাল ১০টার দিকে লাশ উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়। শাহজাহান জয়দেবপুর বাজারের ঐশী ব্রয়লার হাউসের মালিক। পুলিশের ধারণা, এক-দুদিন আগে কোনো একসময়ে তাঁকে দুর্বৃত্তরা শ্বাসরোধে হত্যা করেছে।জয়দেবপুর থানার উপপরিদর্শক সাখাওয়াত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গত বৃহস্পতিবার বিকেলে ভুরুলিয়া এলাকার কয়েক জন যুবক ওই এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় শাহজাহানের মোটরসাইকেলটি উদ্ধার করে জয়দেবপুর থানায় জমা দেন। তাঁর গলায় ফাঁসের দাগসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তবে হত্যাকাণ্ডের কোনো কারণ এখনো জানা যায়নি।কালিয়াকৈরে গৃহবধূর লাশ উদ্ধার: দাম্পত্য কলহের জের ধরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ভান্নারা এলাকায় একজন গৃহবধূ ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। পুলিশ গতকাল শনিবার সকালে তাঁর লাশ উদ্ধার করেছে। গৃহবধূর নাম তাসলিমা আক্তার (২৮)। তিনি উপজেলার ভান্নারা গ্রামের হাবিবুর রহমানের স্ত্রী। পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার ভান্নারা গ্রামের পশ্চিমপাড়া এলাকার হাবিবুর রহমানের স্ত্রী তাসলিমা দাম্পত্য কলহের জের ধরে গত শুক্রবার রাতে স্বামী হাবিবুর রহমানের অবর্তমানে কোনো একসময় নিজ ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলে আত্মহত্যা করেছেন। খবর পেয়ে পুলিশ গতকাল সকাল সাতটার দিকে তাঁর লাশ উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।মৌচাক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, এ ব্যাপারে কালিয়াকৈর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। স্বামীর সঙ্গে দাম্পত্য কলহের জেরে ওই আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।