গাজীপুরে ব্যবসায়ীকে হত্যার দায়ে পাঁচজনের মৃত্যুদণ্ড
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার স্বর্ণালংকার ব্যবসায়ী কৃষ্ণ সরকারের খুনের মামলায় পাঁচ যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। গাজীপুরের অতিরিক্ত দায়রা জজ (প্রথম) আদালতের বিচারক মো. জাকির হোসেন গতকাল বুধবার এ রায় দেন।এ ছাড়া তাঁদের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা এবং একই মামলায় (লাশ গুম ও আলামত সরানোর অপরাধে) প্রত্যেককে সাত বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছর করে সশ্রম কারাদণ্ড দেন আদালত।মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন: কুমিল্লার হোমনার বড়বাড়ী গ্রামের আরিফ হোসেন (৪০), টাঙ্গাইলের মির্জাপুরের সাহাপাড়া গ্রামের শ্যামল সূত্রধর (২৫), কালিয়াকৈরের বরাব গ্রামের জহিরুল ইসলাম (২৬), একই গ্রামের আনোয়ার হোসেন (৩০) ও টাঙ্গাইলের কালিহাতির মীর হামজানী পশ্চিমপাড়া গ্রামের নিখিল চন্দ্র সূত্রধর (৩৫)।মামলার বিবরণে জানা গেছে, ২০১০ সালের ৪ জানুয়ারি রাতে কালিয়াকৈরের পশ্চিম ভান্নারা গ্রামের কৃষ্ণ সরকার বাড়ি থেকে নিজের দোকানের উদ্দেশে বের হয়ে নিখোঁজ হন। পরদিন সকালে তাঁর বাবা অনিল চন্দ্র সরকার দোকানে গিয়ে শাটার নামানো দেখতে পেয়ে ছেলেকে ডাকাডাকি করেন। ছেলের কোনো সাড়া না পেয়ে তিনি দোকানের শাটার খুলে ভেতরে ঢুকে দেখেন জিনিসপত্র এলোমেলো এবং কৃষ্ণ দোকানে নেই। পরে আশপাশে খোঁজ নিয়ে তিনি জানতে পারেন, প্রায় দুই কিলোমিটার দূরে বরাব গ্রামের জলাশয়ে একটি লাশ পড়ে রয়েছে। সেখানে গিয়ে পরনে জ্যাকেট, শার্ট ও লুঙ্গি দেখে ছেলের লাশ শনাক্ত করেন। ধারালো অস্ত্রের আঘাতে কৃষ্ণের মুখ বিকৃত এবং দুই হাতের আঙুল কাটা ছিল। ওই ঘটনায় অনিল সরকার ওই দিন (৫ জানুয়ারি) একটি হত্যা মামলা করেন। পরে মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মুহাম্মদ মাহফুজুর রহমান ছয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন। দীর্ঘ শুনানি শেষে আদালত ওই পাঁচজনকে মৃতুদণ্ড ও জরিমানা এবং অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর আসামি বরাব গ্রামের আমির হোসেনের ছেলে মাসুদকে বেকসুর খালাস দেন।