গাজীপুরে ব্যবসায়ীর পা ভেঙে দিয়েছে সন্ত্রাসীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জমিসংক্রান্ত বিরোধের জের ধরে এক ব্যবসায়ীকে তুলে নিয়ে পা ভেঙে দিয়েছে সন্ত্রাসীরা। গত শনিবার গাজীপুর শহরের জোড়পুকুর এলাকায় এ ঘটনা ঘটে।
গুরুতর আহত ওই ব্যবসায়ী হলেন গাজীপুর শহরের ভুরুলিয়া এলাকার ইসমাইল হোসেন খান (৬০)। তাঁকে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওই ব্যবসায়ীর পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, ইসমাইলের সঙ্গে জমিজমা নিয়ে দোলন মিয়া নামের এক ব্যক্তির বিরোধ চলে আসছিল। দোলন জেলা মহিলা লীগের সভানেত্রী দিলরুবা ফাওজিয়ার ছেলে। শনিবার সকালে জোড়পুকুর এলাকায় বাজার করতে যাওয়ার সময় দোলন মিয়া, তাঁর সহযোগী হান্নান মোল্লা, রুবেল ও মেহেদী জোর করে ইসমাইলকে তুলে নিয়ে যান। পরে নির্মাণাধীন একটি বাড়িতে নিয়ে পিটিয়ে গুরুতর আহত করেন এবং বাঁ পা ভেঙে দেন।
ওই ঘটনায় ব্যবসায়ীর ছেলে মামুন হোসেন খান বাদী হয়ে জয়দেবপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।
এ বিষয়ে কথা বলতে গেলে দোলনের মুঠোফোন বন্ধ পাওয়া যায়।