গাজীপুরে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি
গাজীপুর সদর উপজেলার হায়দারাবাদ এলাকায় এক ব্যবসায়ীর বাড়িতে গত শনিবার দিবাগত রাতে ডাকাতি হয়েছে। ডাকাতের হামলায় দুই ছেলেসহ মা আহত হয়েছেন। এলাকাবাসী এক ডাকাতকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন। ডাকাতেরা যাওয়ার সময় ওই বাড়িতে ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে।
পুলিশ জানায়, গত শনিবার রাত দেড়টার দিকে ২০-২২ জন ডাকাত কলাপসিবল গেটের তালা কেটে ও জানালার গ্রিল ভেঙে ইসমাইল হোসেনের ঘরে ঢোকে। একপর্যায়ে তারা রাহেলা বেগমের কানের স্বর্ণালংকার লুটে নেওয়ার চেষ্টা করে। এ সময় তাঁর ছেলে রাসেল ও রুবেল চিৎকার শুরু করলে ডাকাতেরা তাঁদের ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। পরে তারা আলমারি ভেঙে ১২ ভরি স্বর্ণালংকার, নগদ তিন লাখ টাকা, মুঠোফোনের সেট ও মূল্যবান জিনিসপত্র লুট করে।
ওই ঘরে থাকা লোকজনের চিৎকারে এলাকায় ডাকাতির খবর ছড়িয়ে পড়ে। এ সময় গ্রামের মসজিদের মাইক থেকে ডাকাতদের প্রতিহত করার আহ্বান জানানো হয়। এলাকাবাসী ইসমাইলের বাসার সামনে সমবেত হলে ডাকাতেরা কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে বাড়ির সীমানাপ্রাচীর টপকিয়ে পালানোর চেষ্টা করে। এ সময় গ্রামবাসী জাকির হোসেনকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। এলাকাবাসী অবিস্ফোরিত দুটি ককটেলও উদ্ধার করে পুলিশকে দিয়েছে।
জয়দেবপুর থানার এসআই মোবারক হোসেন জানান, ডাকাতির অভিযোগে আটক জাকিরকে গাজীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।