গাজীপুরে ভবনের ছাদ ও দেয়ালধসে নিহত ১, আহত ৩
গাজীপুরের কোনাবাড়ী বিসিক শিল্প এলাকায় কাদের সিনথেটিক ফাইবার্স লিমিটেড কারখানার পুরাতন ভবনের ছাদ ও দেয়ালধসে একজন নিহত এবং তিনজন আহত হয়েছেন। গতকাল শনিবার বিকেলে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি হলেন হান্নান মিয়া (৩২)। তিনি কুড়িগ্রামের উলিপুর থানার সরিয়তপুর এলাকার ইদ্রিস মিয়ার ছেলে। আহত ব্যক্তিরা হলেন মো. দাউদ মিয়া (২২), মুজিবুর রহমান (২৮) ও রুজিনা আক্তার (৭)। হান্নান ও আহত তিনজন কোনাবাড়ী পুকুরপাড় এলাকার সাইফুল ইসলামের বাড়ির ভাড়াটিয়া।
জয়দেবপুর ফায়ার সার্ভিস স্টেশন ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বিকেল সাড়ে চারটার দিকে একদল শ্রমিক কাদের সিনথেটিক ফাইবার্স লিমিটেড কারখানার চারতলা পুরোনো ভবন ভাঙার কাজ করছিলেন। এ সময় ছাদ ও দেয়ালের কিছু অংশ ভেঙে পাশেই সাইফুল ইসলামের দোতলা টিনশেড বাড়ির ওপর পড়ে। এতে ওই বাড়ির চারজন ভাড়াটিয়া আহত হন। পরে স্থানীয় লোকজন হান্নান মিয়াকে গুরুতর অবস্থায় উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এদিকে মো. দাউদ মিয়া, মুজিবুর রহমান ও রুজিনা আক্তারকে কোনাবাড়ী ক্লিনিকে ভর্তি করা হয়েছে।