গাজীপুরে ভাইকে হত্যার দায়ে ফাঁসির আদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরে বড় ভাইকে হত্যার দায়ে এক ব্যক্তিকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। গতকাল সোমবার জেলা ও দায়রা জজ এ কে এম এনামুল হক এ রায় দেন। পাশাপাশি আসামিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

দণ্ডাদেশ পাওয়া ব্যক্তি হলেন গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ঠেঙ্গেরবান এলাকার রায়হান উদ্দিন (২৫)। গাজীপুর আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) হারিজ উদ্দিন আহমেদ বলেন, পারিবারিক বিষয় নিয়ে রায়হান উদ্দিন ও তাঁর বড় ভাই জহিরুল ইসলামের মধ্যে বিবাদ ছিল। ২০১৩ সালের ১২ এপ্রিল বোরহান উদ্দিন তাঁদের বাড়ির গোয়াল ঘরে বড় ভাই জহিরুল ইসলামকে দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেন। এরপর তাঁকে সেপটিক ট্যাংকে ফেলে ঢাকনা লাগিয়ে পালিয়ে যান তিনি। পরে সেপটিক ট্যাংক থেকে জহিরুলের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহত ব্যক্তির স্ত্রী ফাহিমা আক্তার থানায় মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা এসআই সাইফুল ইসলাম ২০১৪ সালের ফেব্রুয়ারিতে রায়হানের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ১০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে গতকাল বিচারক আসামির উপস্থিতিতে রায় ঘোষণা করেন। পরে রায়হানকে কারাগারে পাঠানো হয়।