গাজীপুরে ভাইয়ের হাতে ভাই খুন
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার উত্তরগাঁও গ্রামে গতকাল বৃহস্পতিবার ছোট ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে বড় ভাই খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। পুলিশ সূত্র জানায়, পারিবারিক কলহের জের ধরে গতকাল আকরাম (৩০) নামের এক ব্যক্তি তাঁর বাবা সিরাজ উদ্দিনকে মারধর করতে থাকেন। এ সময় তাঁর বড় ভাই এমরান হোসেন (৩৫) বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে আকরাম ধারালো ছোরা দিয়ে এমরানের বুকে ও পেটে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় এমরানকে প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।পুলিশ সূত্র জানায়, সিরাজ উদ্দিনকে টঙ্গীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে আকরাম পলাতক।কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) রাজীব চক্রবর্তী পারিবারিক সূত্রের বরাত দিয়ে বলেন, এমরান ও আকরাম দুই ভাই নেশা করেন। গতকাল সকালে বাবার কাছে নেশার টাকা চাওয়া নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়।কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় গতকাল রাত আটটা পর্যন্ত থানায় মামলা হয়নি।