গাজীপুরে ভাতিজার হাতে মাছ ব্যবসায়ী খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পূর্বশত্রুতার জের ধরে গাজীপুর সদর উপজেলার জাজর এলাকায় গতকাল শনিবার ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মো. ইমরান হোসেন (৪০) নামের এক ব্যক্তিকে হত্যা করেছেন তাঁর ভাতিজা রতন মিয়া (২৫)। রতনকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী।এদিকে গতকাল গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সাকাশ্বর এলাকার তুরাগ নদ থেকে এক যুবকের মস্তকবিহীন লাশ উদ্ধার করা হয়েছে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রের বিবরণ অনুযায়ী, জাজর এলাকার মাছ ব্যবসায়ী ইমরান হোসেনের সঙ্গে তাঁর ভাতিজা রতনের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। গতকাল সকাল নয়টার দিকে ইমরান হোসেন জাজর বাজারে মাছ বিক্রি করছিলেন। এ সময় ভাতিজা রতন একটি ব্যাগে ধারালো অস্ত্র নিয়ে এসে পেছন থেকে ইমরান হোসেনকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। তাৎক্ষণিক স্থানীয় লোকজন রতনকে আটক করে পুলিশে দেয়। গুরুতর আহত মাছ ব্যবসায়ী ইমরানকে উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। রতন স্থানীয় হারুন অর রশিদের ছেলে।জয়দেপুর থানার ভোগড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) গোলাম মোস্তফা ঘটনা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে থানায় একটি হত্যা মামলা হয়েছে।অপরদিকে মৌচাক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, গতকাল সকাল সাড়ে আটটার দিকে কালিয়াকৈর উপজেলার সাকাশ্বর বাজারের পাশে তুরাগ নদে এক যুবকের লাশ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে মস্তকবিহীন লাশটি উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা ওই যুবককে কয়েক দিন আগে গলা কেটে হত্যা করে নদে ফেলে দেয়।এসআই সাইফুল আরও জানান, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে অজ্ঞাতনামা কয়েক ব্যক্তির বিরুদ্ধে একটি হত্যা মামলা করেছে।