গাজীপুরে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের শ্রীপুরে ভুল চিকিৎসায় এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। গত রোববার ওই নারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা হাসপাতাল ভাঙচুর করেছে।

নিহত প্রসূতির নাম রীমা আক্তার (৩০)। তিনি শ্রীপুর পৌর এলাকার উজিলাবো গ্রামের মুজিবুর রহমানের স্ত্রী।

নিহত রীমা আক্তারের শ্বশুর ওসমান গণি অভিযোগ করেন, গত বৃহস্পতিবার দুপুরে রীমা আক্তারকে মাওনা চৌরাস্তার পদ্মা ডিজিটাল ডায়াগনস্টিক অ্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়। কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্জন মাহমুদুর রহমান সন্ধ্যায় রীমাকে অস্ত্রোপচারকক্ষে নিয়ে যান। সেখানে রীমা একটি কন্যাসন্তান প্রসব করেন। কিন্তু অস্ত্রোপচারের সময় রক্তনা​িল কেটে ফেলায় তাঁর প্রচণ্ড রক্তক্ষরণ শুরু হয়। এ সময় ওই চিকিৎসক কাউকে কিছু না জানিয়ে দ্রুত হাসপাতাল ত্যাগ করেন। তিন ঘণ্টা পরও রোগীকে বাইরে বের না করায় স্বজনদের সন্দেহ হয়।

হাসপাতালের পরিচালক রফিকুল ইসলাম অনিয়ন্ত্রিত রক্তক্ষরণের কথা বলে রোগীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। পরে রোগীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। সেখানে দুই দিন চিকিৎসাধীন থাকার পর রোববার দুপুরে রীমার মৃত্যু হয়।

খবর পেয়ে রোববার রাতে রীমার স্বজনেরা ও এলাকাবাসী ওই হাসপাতালে ভাঙচুর চালায়। পরে শ্রীপুর থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ ব্যাপারে চিকিৎসক মাহমুদুর রহমানের মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে সেটি বন্ধ পাওয়া যায়।

পদ্মা ডিজিটাল ডায়াগনস্টিক অ্যান্ড হাসপাতালের পরিচালক জহিরুল ইসলাম বলেন, রোগীর অতিরিক্ত রক্তক্ষরণ নিয়ন্ত্রণ করা যায়নি। পরে তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেওয়া হয়।

শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) সৈয়দ আজিজুল হক বলেন, হাসপাতাল ভাঙচুরের খবর শুনে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। সেখানে পুলিশ মোতায়েন রয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।