গাজীপুরে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগে চিকিৎসক গ্রেপ্তার
গাজীপুর সদর উপজেলার কাশিমপুর এলাকার একটি ক্লিনিকে ভুল চিকিৎসায় এক বৃদ্ধার মৃত্যুর অভিযোগে লতিফুল বারী নামের একজন চিকিৎসককে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি কাশিমপুর বাসস্ট্যান্ড এলাকার বারী জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের চিকিৎসক ও পরিচালক। পুলিশ ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, কাশিমপুর ইউনিয়নের সারদাগঞ্জ গ্রামের চার সন্তানের জননী আমেনা বেগম (৫০) বেশ কিছুদিন ধরে বুকের ব্যথায় ভুগছিলেন। গত শুক্রবার তাঁকে কাশিমপুরের বারী জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যাওয়া হয়। আমেনার ছেলে মান্নান কাজী জানান, ক্লিনিকের মালিক ও চিকিৎসক লতিফুল বারী তাঁর মায়ের পিত্তথলিতে পাথর হয়েছে উল্লেখ করে ওই ক্লিনিকেই জরুরি ভিত্তিতে অস্ত্রোপচার করার পরামর্শ দেন। এতে রাজি না হলে তিনি তাঁদের ভয়ভীতি দেখিয়ে ওই ক্লিনিকেই অস্ত্রোপচার করাতে বাধ্য করেন। শনিবার বেলা একটার দিকে তাঁকে অস্ত্রোপচার করা হয়। এর প্রায় এক ঘণ্টা পর তাঁর মাকে দ্রুত অন্য হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন লতিফুল বারী। এ সময় অন্যত্র নেওয়ার আগেই তাঁর মা মারা যান।মান্নান কাজীর দাবি, ভুল চিকিৎসার কারণেই তাঁর মায়ের মৃত্যু হয়েছে। এ ব্যাপারে তিনি বাদী হয়ে জয়দেবপুর থানায় মামলা করেছেন। পুলিশ শনিবার রাতে লতিফুল বারীকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার হওয়া চিকিৎসক লতিফুল বারী এ ঘটনাকে দুর্ঘটনা বলে অভিহিত করেছেন। তিনি এ ঘটনার জন্য অনুতপ্ত। জানতে চাইলে গাজীপুর জেলার সিভিল সার্জন মো. হাবিবুর রহমান প্রথম আলোকে জানান, বারী জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের কোনো নিবন্ধন নেই।