গাজীপুরে ভূমি, স্বাস্থ্য ও শিক্ষা বিভাগ-সংশ্লিষ্ট কার্যালয়গুলোতে সবচেয়ে বেশি দুর্নীতি হয়। পুলিশের অতীত দুর্নীতিকেও এসব বিভাগ হার মানিয়ে দিয়েছে। আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে গতকাল বৃহস্পতিবার জেলা প্রশাসকের কার্যালয়ে এক আলোচনা অনুষ্ঠানে বক্তারা এ অভিযোগ করেন। গাজীপুরের জেলা প্রশাসক মো. কামাল উদ্দিন তালুকদারের সভাপতিত্বে তাঁর সম্মেলনকক্ষে সভা হয়। জেলা প্রশাসন, সচেতন নাগরিক কমিটি ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এ সভার আয়োজন করে। বক্তারা অভিযোগ করেন, গাজীপুরের ভূমি কার্যালয়ে ঘুষ ছাড়া ফাইল নড়ে না। ঘুষ নিয়ে সেখানকার কর্মকর্তারা খাসজমি, বনভূমি, এমনকি একজনের জমি আরেকজনের নামে নামজারি করে দেন। রেজিস্ট্রি অফিসগুলোতে ঘুষ ছাড়া দলিল হচ্ছে না। সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসা নেই। প্রাথমিক বিদ্যালয়ে বিনা মূল্যে ভর্তির সুযোগ থাকা সত্ত্বেও ভর্তি বাবদ কমপক্ষে ২০০ টাকা নেওয়া হচ্ছে। নিষেধাজ্ঞা অমান্য করে সমাপনী পরীক্ষার কোচিং ফির নামে শিক্ষকেরা আদায় করছেন মোটা অঙ্কের টাকা।ওই সভায় অন্যদের মধ্যে অংশ নেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য অধ্যাপক মো. আয়েশ উদ্দিন, অধ্যক্ষ মো. শহীদুল্লাহ, অধ্যাপক মুকুল কুমার, ফরিদ আহাম্মদ প্রমুখ।