গাজীপুরে ভূমি জালিয়াত চক্রের দুজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভুয়া দাতা-গ্রহীতা সেজে তিন একর জমি আত্মসাতের চেষ্টা করতে গিয়ে গত রোববার গাজীপুর দ্বিতীয় যুগ্ম সাব-রেজিস্ট্রি অফিস থেকে দুই ব্যক্তি গ্রেপ্তার হয়েছেন। তাঁরা হলেন মো. মুনসুর আলী (৭০) ও মো. ফরিদ সরকার (২৩)। তাঁদের গতকাল সোমবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার এজাহার ও সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রে জানা যায়, গাজীপুর সদর উপজেলার গোবিন্দবাড়ী মৌজার সৃজিত এসএ ৪১ ও ৭১ নম্বর খতিয়ানের মোট ১৭টি দাগের তিন একর জমি পৃথক দুটি আমমোক্তারনামা দলিল করে আত্মসাৎ করার চেষ্টা করে জালিয়াত চক্র। একটি দলিলে ৪০ শতাংশ ও অপর দলিলে জমির পরিমাণ দুই একর ৬০ শতাংশ। জমির দখল, সংরক্ষণ, হস্তান্তর, মামলা-মোকদ্দমা ইত্যাদি পরিচালনার সুবিধার্থে জমির মালিক অন্য কাউকে আমমোক্তারনামা দলিলের মাধ্যমে ক্ষমতা দিয়ে থাকেন। কথিত আমমোক্তারনামা দলিল দুটিতে ছয়টি জেলার ১৫ জনকে দলিল গ্রহীতা দেখানো হয়েছে। দলিল গ্রহীতা হিসেবে মামলার আসামিরা হলেন: জামালপুরের জিয়াউর রহমান, ঝালকাঠির মো. শহিদুল ইসলাম, ঢাকার ডা. মোয়াজ্জেম হোসেন, এনামুল কবির, মুনতাজুর রহমান, মো. সেলিম, মো. সোহাগ, তানভীর রায়হান, আ. রহমান, আ. সাত্তার, গাজীপুরের মো. ফরিদ সরকার, আনোয়ার হোসেন, নূরুল ইসলাম, আনোয়ার পারভেজ, বগুড়ার জাহাঙ্গীর আলম ও টাঙ্গাইলের গিয়াস উদ্দিন। সাব-রেজিস্ট্রি অফিসের মোহরার স্বপন কুমার বিশ্বাস বাদী হয়ে এ ব্যাপারে জয়দেবপুর থানায় মামলা করেছেন। মামলায় ভুয়া দাতা-গ্রহীতাসহ ১৬ জনকে আসামি করা হয়েছে। তবে এ জালিয়াত চক্রের সঙ্গে জড়িত দলিল লেখক মো. আমিনুল ইসলামকে আসামি করা হয়নি। মোহরার স্বপন কুমার বিশ্বাস জানান, ওই ভুয়া দলিল দাতা এবং গ্রহীতাদের নামে দুটি আমমোক্তারনামা দলিল রেজিস্ট্রি করানোর জন্য দলিল লেখক মো. আমিনুল ইসলাম (সনদ নম্বর ৩২১, এসআর অফিস- গাজীপুর সদর) গত রোববার গাজীপুর দ্বিতীয় যুগ্ম সাব-রেজিস্ট্রি অফিসে দাখিল করেন। সাব-রেজিস্ট্রার ভুয়া দলিল দাতা মুনসুর আলীকে আমমোক্তারনামা দলিলের বিষয়ে প্রশ্ন করলে অসংগতিপূর্ণ উত্তর দেওয়ায় মনে সন্দেহ জাগে। পরে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে ভুয়া দলিল দাতা মুনসুর আলী জানান, দলিলের ভুয়া দাতা-গ্রহীতাসহ আরও তিন-চারজন যোগসাজশ করে ওই জমি আত্মসাতের জন্য দলিল রেজিস্ট্রি করতে এসেছিলেন। সাব-রেজিস্ট্রি অফিসের লোকজন আসামি মুনসুর আলী ও ফরিদ সরকারকে ঘটনাস্থল থেকে আটক করে জয়দেবপুর থানার পুলিশের কাছে সোপর্দ করে। অন্য আসামিরা ঘটনা টের পেয়ে দৌড়ে পালিয়ে যান। এ ঘটনায় গাজীপুর দ্বিতীয় যুগ্ম সাব-রেজিস্ট্রি অফিসের সাব-রেজিস্ট্রার জসিম উদ্দিন মো. তৌফিক এলাহীর নির্দেশে মোহরার স্বপন কুমার বিশ্বাস জয়দেবপুর থানায় মামলা করেন।