গাজীপুরে মজুরি বৃদ্ধির দাবিতে বিক্ষোভ সমাবেশ
গাজীপুর সদর উপজেলার দক্ষিণ পানিশাইল শিল্প এলাকায় মজুরি বৃদ্ধিসহ ১৩ দফা দাবিতে গতকাল বৃহস্পতিবারও মাছিহাতা সোয়েটার কারখানার শ্রমিকেরা বিক্ষোভ সমাবেশ করেছেন।
কয়েকজন শ্রমিক জানান, মাছিহাতা সোয়েটার কারখানায় সাড়ে নয় হাজার শ্রমিক কাজ করেন। তিন দিন আগে সোয়েটারপ্রতি মজুরি বৃদ্ধিসহ ১৩ দফা দাবিসংবলিত একটি আবেদন কর্তৃপক্ষের কাছে জমা দেন। ওই দিন থেকে কারখানা কর্তৃপক্ষ কোনো নোটিশ না দিয়েই কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে। কারখানা খোলা ও ১৩ দফা দাবি আদায়ে শ্রমিকেরা বিক্ষোভ সমাবেশ করছিলেন।
গতকাল বিকেলেও শ্রমিকেরা কারখানার সামনে সমাবেশ করেন। সন্ধ্যায় এলাকাবাসীর মাধ্যমে মাছিহাতা সোয়েটার কারখানার কয়েকজন কর্মকর্তা শ্রমিক প্রতিনিধির সঙ্গে আলোচনায় বসেন। অন্যদিকে সহস্রাধিক শ্রমিক কারখানার মালিকপক্ষের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ করে স্লোগান দেন।
শ্রমিকদের সঙ্গে আলোচনায় অংশগ্রহণকারী কারখানার পরিচালক (প্রশাসন) আতিকুর রহমান সাংবাদিকদের জানান, শ্রমিকদের কাজে যোগদানের অনুরোধ করা হয়েছে। তাঁদের ১৩ দফা দাবির বিষয়ে মালিকের সঙ্গে কথা বলে দু-তিন দিনের মধ্যে শ্রমিকদের সিদ্ধান্ত জানানো হবে।