গাজীপুরে মহাসড়কে আবর্জনার স্তূপ!

গাজীপুরের কড্ডা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে সিটি করপোরেশনের আবর্জনা ফেলা হচ্ছে। আবর্জনার স্তূপের কারণে যান চলাচলে বিঘ্ন ঘটছে। গন্ধে সড়কে চলাফেরায় দুর্ভোগ পোহাতে হচ্ছে।
এলাকাবাসী সূত্র জানায়, গাজীপুরের বাইমাইল এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ওপর সিটি করপোরেশনের গাড়ি দিয়ে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে। আবর্জনা ফেলার জন্য সিটি করপোরেশনকে নির্দিষ্ট জায়গা দিয়েছে গাজীপুর সড়ক ও জনপথ (সওজ)। অথচ সেখানে না ফেলে সিটি করপোরেশন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ওপর আবর্জনা ফেলছে। এতে মহাসড়কে যানবাহন চলাচলে সমস্যা হচ্ছে। কখনো কখনো দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে। ফলে ভোগান্তি পোহাতে হয় হাজার হাজার যাত্রীকে। দুর্গন্ধের কারণে হেঁটে চলাচল করতে গিয়ে বিড়ম্বনায় পড়েন পথচারীরা। গাড়ি দিয়ে চলাচল করতে গেলেও নাক-মুখ চেপে রাখতে হয়।
এ ছাড়া বাইমাইল এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দুই পাশে গড়ে উঠেছে ইট-বালুর ব্যবসা। ওই ব্যবসায়ীরা ও স্থানীয় বাসিন্দারা আবর্জনার দুর্গন্ধে নাকাল হচ্ছেন। বাতাসে দুর্গন্ধ ছড়ানোয় আশপাশের পরিবেশ নষ্ট হচ্ছে। ময়লা-আবর্জনা ফেলা স্থানটির পাশে রয়েছে হাইওয়ে থানা, প্রাথমিক বিদ্যালয় ও বেশ কয়েকটি পোশাক কারখানা। আবর্জনার স্তূপের কারণে দুই লেনের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক এক লেনে পরিণত হয়েছে। এতে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে।
টাঙ্গাইলের মির্জাপুর থেকে গাজীপুরগামী যাত্রী আলমগীর হোসেন গত শনিবার বলেন, ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দিয়ে বাসে করে গাজীপুর জেলা জজ আদালতে যাতায়াত করতে হয় তাঁকে। বাইমাইল ও কড্ডা এলাকায় ময়লা-আবর্জনার স্তূপের কাছে এলে নাক-মুখ চেপে বসে থাকতে হয়। এ ছাড়া প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থাকতে হয় এখানে। আবর্জনার দুর্গন্ধে বমি আসে।
প্রভাতী বনশ্রী পরিবহনের চালক মো. আলম বলেন, এটি মহাসড়ক। প্রতিদিন হাজার হাজার যানবাহন চলাচল করে এই রাস্তায়। ব্যস্ততম এই সড়কে কোনো সুস্থ মানুষ এভাবে ময়লা-আবর্জনা ফেলতে পারে না।
গাজীপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী নাহিন রেজা প্রথম আলোকে বলেন, ‘প্রতিদিনই লোকজন অভিযোগ করছে। আর আমরা বিষয়টি সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়রকে বলছি। তবু সড়কের ওপরে আবর্জনা ফেলা হচ্ছে।’
কোনাবাড়ী হাইওয়ে থানার পরিদর্শক কাজী সাইদুর রহমান গত রোববার বিকেলে প্রথম আলোকে বলেন, মহাসড়কে আবর্জনা না ফেলার জন্য বেশ কয়েকবার সিটি করপোরেশনকে চিঠি দেওয়া হয়েছে। তাতে কোনো কাজ হয়নি। আবর্জনার কারণে সড়কে প্রতিদিন যানজটের সৃষ্টি হচ্ছে। যানবাহন নিয়ন্ত্রণ করতে গিয়ে পুলিশকে হিমশিম খেতে হচ্ছে।
গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান বলেন, ময়লা-আবর্জনা ফেলার কোনো স্থান নেই। তাই মহাসড়কের ওপর আবর্জনা ফেলা হচ্ছে। তবে রাস্তায় যেন আর আবর্জনা না ফেলা হয়, সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।