গাজীপুরে মহিলা আওয়ামী লীগের সম্মেলনে ভাঙচুর

ছাত্রলীগের একদল নেতা-কর্মী গাজীপুর মহানগর মহিলা আওয়ামী লীগের সম্মেলনে ভাঙচুর করেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনার পর কমিটি ঘোষণা পণ্ড হয়ে যায়। গাজীপুর জেলা শহরের বঙ্গতাজ মিলনায়তনে গতকাল শনিবার এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও মহিলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা বলেন, সকাল ১০টার দিকে গাজীপুর মহানগর মহিলা আওয়ামী লীগের সম্মেলন শুরু হয়। সম্মেলন উদ্বোধন করেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভানেত্রী আশরাফুন নেছা মোশারাফ। এতে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। সভাপতিত্ব করেন মহানগর মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক সেলিনা ইউনুস।
বেলা তিনটার দিকে সম্মেলনের প্রথম পর্ব শেষ হয়। পরে দুপুরের খাবারের বিরতি দেওয়া হয়। বিকেল চারটার দিকে দ্বিতীয় পর্বে কমিটি ঘোষণা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হওয়ার কথা ছিল। এর জন্য মঞ্চ প্রস্তুত করা হচ্ছিল। তখন ছাত্রলীগের নেতা-কর্মীদের মঞ্চ থেকে নেমে যেতে বলা হয়। এ সময় ছাত্রলীগের নেতা-কর্মীরা মঞ্চ ছেড়ে চলে যান।
এর কিছুক্ষণ পর একদল ব্যক্তি সম্মেলনস্থলে এসে চেয়ার, টেবিল, লাইট, ফ্যান ভাঙচুর করেন এবং ব্যানার, ফেস্টুন ছিঁড়ে ফেলেন। এ সময় মিলনায়তনে থাকা মহিলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা ছোটাছুটি করতে থাকেন। অনেকে সম্মেলনস্থল থেকে বেরিয়ে রাস্তায় চলে যান। খবর পেয়ে জয়দেবপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পরে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমতউল্লা খান, সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম ঘটনাস্থলে আসেন।
ঘটনাস্থলে থাকা মহিলা আওয়ামী লীগের কয়েকজন কর্মী বলেন, হামলাকারীদের মধ্যে ছাত্রলীগের কয়েকজন ছিলেন। তবে তাঁরা কারও নাম বলতে পারেননি।
গাজীপুর মহানগর ছাত্রলীগের সভাপতি মাসুদ রানা এরশাদ বলেন, মহিলা আওয়ামী লীগের সম্মেলনে তাঁদের আমন্ত্রণ করা হয়। ছাত্রলীগের নেতা-কর্মীরা তাই সেখানে যান। তাঁরা কোনো ভাঙচুর করেননি।
মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক কামরুন নেছা মান্নান বলেন, প্রথম অধিবেশনের পর মহানগর মহিলা আওয়ামী লীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। দ্বিতীয় অধিবেশনে নতুন কমিটি ঘোষণা করার কথা ছিল। কেউ এই কমিটি ঘোষণা বানচাল করার জন্য এ ঘটনা ঘটাতে পারে। এখন গাজীপুর মহানগর আওয়ামী মহিলা লীগের কোনো কমিটি নেই। ঢাকায় গিয়ে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার রেজাউল হাসান বলেন, সম্মেলনে হামলাকারীদের ধরতে পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে। তবে এ বিষয়ে গতকাল সন্ধ্যা পর্যন্ত কোনো মামলা হয়নি।
সম্মেলনে আরও উপস্থিত ছিলেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ, গাজীপুর-২ আসনের সাংসদ জাহিদ আহসান, মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমতউল্লা খান, সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইয়াসমিন হোসেন প্রমুখ।