কাভার্ডভ্যানে পেট্রলবোমা, মা-শিশু নিহত
গাজীপুর সদর উপজেলার ঢাকা-বাইপাস সড়কের মোগরখাল এলাকায় অবরোধ সমর্থকদের ছোড়া পেট্রলবোমায় একটি কাভার্ডভ্যানের দুজন যাত্রী নিহত হয়েছেন।
আজ মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে অবরোধ সমর্থকেরা পারটেক্স গ্রুপের একটি কাভার্ডভ্যানের সামনের অংশে পেট্রলবোমা ছুড়ে অগ্নিসংযোগ করলে এ হতাহতের ঘটনা ঘটে। এ সময় আগুনে ভ্যানে থাকা আদম আলীর স্ত্রী ও তার মেয়ে শিশু পুড়ে মারা গেছে। এ ছাড়া আদম আলীসহ তাঁর দুই বছরের মেয়ে সাদিয়া দগ্ধ হয়েছে।
খবর পেয়ে গাজীপুর দমকল কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। হতাহতদের বাড়ি সিরাগঞ্জের উল্লাপাড়ার বাহিমান এলাকায়। তাঁরা নারায়ণগঞ্জের রূপগঞ্জে থাকতেন। তাঁদের উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
গাজীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শাহীন মিয়া জানান, কতিপয় দুর্বৃত্ত ওই ভ্যানের সামনের অংশে পেটলবোমা ছুড়ে মারে। এ সময় বোমা থেকে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এতে সামনের আসনে থাকা মা ও মেয়ে শিশুটি পুড়ে মারা যায়। একই সঙ্গে ওই গাড়ির যাত্রী আদম ও তাঁর মেয়ে সাদিয়া দগ্ধ হন। আহতদের উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
আহত আদম আলী জানান, কাভার্ডভ্যানটি বগুড়া যাচ্ছিল। তাঁরা নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে গ্রামের বাড়ি সিরাজগঞ্জে যাওয়ার জন্য ওই ভ্যানে উঠেছিল। আগুনে তার স্ত্রী সুমি আক্তার (২৮) ও তার মেয়ে সানজিদা আগুনে পুড়ে ভ্যানে মারা গেছে। তবে তিনি ছোট মেয়ে সাদিয়াকে নিয়ে নেমে গিয়ে রক্ষা পেয়েছিলেন।
গাজীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিত্সক প্রণয় কুমার ভূষণ দাস জানান, আগুনে আদম আলীর পা এবং সাদিয়ার পা দ্বগ্ধ হয়েছে।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি।
এর আগেও গাজীপুর সদর উপজেলার চান্দনা চৌরাস্তা এলাকায় কাভার্ডভ্যানে আগুন দেয়। এতে অগ্নিদগ্ধ হয়ে মনির হোসেন নামে এক শিশুর মৃত্যু হয়।