গাজীপুরের জাতীয় বিশ্ববিদ্যালয়ের চাকরিচ্যুত ব্যক্তিরা চাকরি ফিরে পাওয়ার দাবিতে আন্দোলন কর্মসূচি পঞ্চম দিনের মতো গতকাল বৃহস্পতিবারও অব্যাহত রেখেছেন। সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ে অবস্থান ধর্মঘট ও বিক্ষোভ করেছেন তাঁরা। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে এসব কর্মসূচি পালন করেন তাঁরা। চাকরি রক্ষা কমিটির আহ্বায়ক নুরুল আমিনের সভাপতিত্বে এ সময় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয় অফিসার অ্যাসোসিয়েশনের সভাপতি এনামুল করিম, উপ-রেজিস্ট্রার শাহ আলম, আবু হানিফ খন্দকার, সালেহা আক্তার, আলী মিরাজ উদ্দিন, সানা উল্লাহ, মেজবাহ উদ্দিন প্রমুখ। অপরদিকে গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে গাজীপুর জিয়া পরিষদ জাতীয় বিশ্ববিদ্যালয়ের চাকরিচ্যুত ব্যক্তিদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে জেলা বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন ও পথসভার আয়োজন করে। এ সময় আন্দোলনকারীরা মাথায় কাফনের কাপড় বেঁধে মানববন্ধনে অংশ নেন। এতে গাজীপুর জেলা জিয়া পরিষদের নেতারাসহ জাতীয় বিশ্ববিদ্যালয়ের সদস্যসচিব মিয়া হোসেন রানা, ইয়াকুব মিয়া, আতাউর রহমান অংশ নেন। হাইকোর্টের রায় অনুযায়ী জোট সরকারের সময় নিয়োগ পাওয়া ৮২১ জনের মধ্যে ৮০৭ জনের চাকরি অবৈধ ঘোষণা করে কয়েক দিন আগে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নোটিশ টাঙিয়ে দেয়। এর পরিপ্রেক্ষিতে বিগত পাঁচ দিন ধরে চাকরিচ্যুত ব্যক্তিরা লাগাতার কর্মসূচি পালন করছে। এরই ধারাবাহিকতায় আগামীকাল শনিবার ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনসহ আগামীতে জাতীয় শহীদ মিনারে আমরণ অনশন কর্মসূচি পালন করবেন বলে জানিয়েছেন চাকরি রক্ষা কমিটির নেতারা। গাজীপুরে পরিবহন শ্রমিকদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ: গাজীপুরে পরিবহন শ্রমিকদের বিরুদ্ধে চক্রান্তের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে গাজীপুরের পরিবহন শ্রমিকদের জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন সংগঠন। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার দুপুরে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় ওই কর্মসূচি পালিত হয়েছে। এ সময় বক্তারা গাড়িচালকদের ঘাতক না বলা, চালকদের এককভাবে দায়ী করে আইন পাস না করার দাবিসহ চার দফা দাবি পেশ করেন। সমাবেশে সভাপতিত্ব করেন পরিবহন শ্রমিকনেতা আলহাজ শামসুদ্দিন সরকার। বক্তব্য দেন বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির খান, যুগ্ম সাধারণ সম্পাদক হাজি আবদুল মোতালেব প্রমুখ। শ্রমিকদের ডাকা কর্মসূচির সময় চৌরাস্তা এলাকার মহাসড়কে যানজটের সৃষ্টি হয়।