গাজীপুরে মাদক ব্যবসার অভিযোগে দুজনের কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুর সদর উপজেলায় গতকাল শনিবার মাদক ব্যবসার অভিযোগে দুজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তাঁরা হলেন মো. ফজলুর রহমান (৭৫) ও আরিফ হোসেন (২২)। ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, সদর উপজেলার ছোটদেওড়া এলাকায় গতকাল দুপুরে র্যাব-১ ও গাজীপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা যৌথভাবে অভিযান চালান। এ সময় নিজ বাড়ি থেকে ফজলুর রহমান ও তাঁর ভাড়াটে আরিফকে দুই কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। পরে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ফজলুর রহমানকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড এবং আরিফকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়। আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাজিদ আনোয়ার।