গাজীপুরে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
র্যাব-১ ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে গাজীপুর শহর এলাকা থেকে গতকাল বুধবার সকালে নেশাজাতীয় এক হাজার ৯০০ অ্যাম্পুল লুপিজেসিক ইনজেকশনসহ মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটক হওয়া ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার তেলকুপি এলাকার সোয়েব আলীর ছেলে তাহিরুল ইসলাম (৪৫)।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সকাল ছয়টার দিকে গাজীপুরের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও র্যাব-১-এর সদস্যরা জেলা শহরের মানিক ভবন নামের একটি মার্কেটের সামনের সড়কে অভিযান চালান। সেখান থেকে সন্দেহজনকভাবে তাহিরুলকে আটক করেন র্যাব সদস্যরা। আটকের পর তাঁর সঙ্গে থাকা ব্যাগে তল্লাশি চালিয়ে এক হাজার ৯০০ অ্যাম্পুল লুপিজেসিক ইনজেকশন উদ্ধার করেন তাঁরা। প্রতিটি অ্যাম্পুলে দুই মিলিলিটার পরিমাণ লুপিজেসিক ইনজেকশন রয়েছে। তাহিরুল ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় ওই সব ইনজেকশন পাচার করতেন বলে জানা গেছে।