গাজীপুরে মানহানি মামলায় জামিন মাহ্ফুজ আনামের
মানহানির অভিযোগে করা আরেকটি মামলায় গাজীপুর আদালত থেকে জামিন পেলেন দ্য ডেইলি স্টার-এর সম্পাদক মাহ্ফুজ আনাম। এর আগে আরও কয়েকটি জেলায় মানহানির অভিযোগে করা মামলায় জামিন পান তিনি।
গতকাল সোমবার বেলা সোয়া ১১টায় গাজীপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালত-২-এর বিচারক ইকবাল মাসুদ মাহ্ফুজ আনামকে জামিন দেন। তাঁর আইনজীবী মো. সুলতান উদ্দিন আহমেদ জানান, ১০ হাজার টাকা বন্ডের মাধ্যমে একজন আইনজীবী ও স্থানীয় এক ব্যক্তির জিম্মায় জামিন মঞ্জুর করা হয়।
সুলতান উদ্দিন জানান, গত ১৭ ফেব্রুয়ারি গাজীপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে ওই মামলা করেছিলেন জেলা আওয়ামী লীগের শিক্ষাবিষয়ক সম্পাদক আইনজীবী আমানত হোসেন খান। মামলায় পাঁচ কোটি টাকার ক্ষতিপূরণ দাবি করেছিলেন তিনি।
গত ৪ ফেব্রুয়ারি রাতে একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে এক-এগারোর সময় সংবাদ প্রকাশের স্বাধীনতা ও গণমাধ্যমের বিচ্যুতি প্রসঙ্গ উল্লেখ করে মাহ্ফুজ আনাম তাঁর পত্রিকায়ও এমন ত্রুটি-বিচ্যুতি হয়েছিল বলে স্বীকার করেন। এরপর থেকেই তাঁর বিরুদ্ধে একের পর এক মামলা হয়। মানহানি ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে এ পর্যন্ত ৭৮টি মামলা হয়েছে।