গাজীপুরে মিছিল বিএনপির কার্যালয়ে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর-২ আসনের সাংসদ জাহিদ আহসান রাসেলকে হত্যাচেষ্টার প্রতিবাদে আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল ও সভা করেছেন। গতকাল বৃহস্পতিবার টঙ্গী, গাছা ও পুবাইল এলাকায় ওই কর্মসূচি পালিত হয়।পুলিশ সূত্র জানায়, বুধবার রাত পৌনে ১১টায় টঙ্গীর আহসানউল্লাহ উড়ালসড়কের ওপর থেকে দুর্বৃত্তরা সাংসদ জাহিদকে লক্ষ্য করে দুটি বোমা নিক্ষেপ করে। একটি বোমা তাঁর সরকারি গাড়ির পাশে বিস্ফোরিত হয়। অপরটি অবিস্ফোরিত থাকে। সঙ্গে সঙ্গে অবিস্ফোরিত বোমাটি নিষ্ক্রিয় করে পুলিশ।ওই ঘটনার প্রতিবাদে গতকাল সকালে আওয়ামী লীগ, সামাজিক সংগঠন চেতনা, হাজী কছিমউদ্দিন ফাউন্ডেশন, মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ, থিয়েটার উনিশ কুড়ি, টঙ্গী থানা প্রেসক্লাবের নেতা-কর্মী ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকেরা টঙ্গীর স্টেশন রোড থেকে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি নতুন বাজার দলীয় কার্যালয়ে শেষ হয়। সেখানে প্রতিবাদ সভা হয়। দুপুরে জয়দেবপুরের গাছা ও পুবাইল এলাকায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করা হয়। বিএনপির কার্যালয়ে আগুন: গতকাল টঙ্গী থানা বিএনপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার দিবাগত রাত সাড়ে ১২টায় আওয়ামী লীগ ও যুবলীগের নেতা-কর্মীরা একটি মিছিল নিয়ে টঙ্গীর চেরাগ আলীতে দলীয় কার্যালয়ের পাশ দিয়ে যাচ্ছিলেন। ওই সময় তাঁরা কার্যালয়ের তালা ভেঙে ভেতরে ঢুকে ভাঙচুর করেন। পরে আসবাবে আগুন ধরিয়ে দেওয়া হয়। আশপাশের লোকজন এসে আগুন নেভায়। ততক্ষণে সব আসবাব পুড়ে যায়।অভিযোগ অস্বীকার করে টঙ্গী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রজব আলী বলেন, ‘সাংসদের ওপর বোমা হামলার প্রতিবাদে বুধবার রাতে আমরা মিছিল নিয়ে স্টেশন রোড মোড় পর্যন্ত প্রদক্ষিণ করেছি। চেরাগ আলী পর্যন্ত আমাদের কোনো নেতা-কর্মী মিছিল নিয়ে যাননি।’