গাজীপুরে মিজান ও জুয়েল হত্যা মামলার অগ্রগতি নেই
জয়দেবপুর থানায় করা মিজানুর হোসেন (২৫) ও জুয়েল সরদার হত্যা মামলার অগ্রগতি নেই।গাজীপুর সদরের পুবাইল-ঢাকা বাইপাস সড়কের ঢাল থেকে মিজানুর ও জুয়েল সরদারের লাশ গত ৫ আগস্ট উদ্ধার করা হয়। ওই দিনই জয়দেবপুর থানায় হত্যা মামলা হয়।পুবাইল পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক আ. করিম বাদী হয়ে ওই মামলাটি করেন। মামলার তদন্ত কর্মকর্তাও (আইও) তিনি। মামলা দায়েরের সময় নিহত ব্যক্তিদের পরিচয় ও আসামি ছিল অজ্ঞাত। পরে নিহত ব্যক্তিদের পরিচয় মিললে এবং এর সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নাম জড়িয়ে পড়লে মামলাটির গুরুত্ব বেড়ে যায়। এর মধ্যে তদন্ত কর্মকর্তা নিহত ব্যক্তিদের বাড়িঘরের ঠিকানা রাজধানীর দয়াগঞ্জ ও গেন্ডারিয়া থানার সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছেন। কিন্তু মিজানুর ও জুয়েলের খুনিদের শনাক্ত করার বিষয়ে তদন্ত কর্মকর্তার আগ্রহ নিয়ে প্রশ্ন উঠেছে।মিজানুর ও জুয়েল হত্যা মামলার তদন্তের অগ্রগতি প্রসঙ্গে তদন্ত কর্মকর্তা আ. করিম বলেন, মিজান মধ্যবিত্ত ঘরের ছেলে। তাঁর বিরুদ্ধে কয়েক বছর আগের একটি হত্যা মামলা ছাড়া আর কোনো মামলা পাওয়া যায়নি। আর জুয়েলের পরিবার এলাকায় খুবই প্রভাবশালী। জুয়েল ও তাঁর চাচাতো ভাই রাজীব উঠতি বয়সের ছেলে। এলাকার লোকজন তাঁদের ব্যাপারে খারাপ না বললেও তিনি মনে করেন, তাঁরা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত।গেন্ডারিয়া থানা পুলিশের উদ্ধৃতি দিয়ে আ. করিম আরও বলেন, ‘ওরা ডাকাত শহীদের গ্রুপের লোক বলে জানা গেছে।’ নিহত ব্যক্তিরা বড় মাপের সন্ত্রাসী হলে তাঁদের বিরুদ্ধে থানায় অভিযোগ নেই কেন, এ প্রশ্নের জবাবে তিনি বলেন, গেন্ডারিয়া নতুন থানা। এখানে নথি না-ও থাকতে পারে। আ. করিম স্বীকার করেন, ব্যস্ততার কারণে মামলার তদন্তে বেশি সময় দেওয়া সম্ভব হচ্ছে না।কারা মিজান ও জুয়েলকে অপহরণ এবং হত্যা করল, এ প্রশ্নের জবাবে আ. করিম বলেন, এলাকার লোকজনের সাক্ষ্য থেকে মনে হয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাঁদের ধরে নিয়ে যায়। তিনি বলেন, লোকজন ডিবির কথা বললেও ডিবি এ স্টাইলে কাজ করে বলে জানা নেই।