গাজীপুরে মুক্তিযুদ্ধের প্রথম সশস্ত্র প্রতিরোধ দিবস আজ
১৯৭১ সালের ১৯ মার্চের আজকের দিনে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সর্বপ্রথম রুখে দাঁড়ান তৎকালীন জয়দেবপুর তথা গাজীপুরের বীর জনতা। সেদিন সশস্ত্র প্রতিরোধযুদ্ধে শহীদ হন অনেকে। দিনটি উদ্যাপনে নানা কর্মসূচি গ্রহণ করেছে গাজীপুর জেলা প্রশাসন।বিভিন্ন মুক্তিযোদ্ধা ও জেলা প্রশাসনে সংরক্ষিত ইতিহাস থেকে জানা গেছে, ১৯৭১ সালের ৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণের পর স্বাধীনতাসংগ্রামের আন্দোলন দুর্বল করতে অন্যান্য সেনানিবাসের মতো জয়দেবপুরের দ্বিতীয় ইস্ট বেঙ্গল রেজিমেন্টের বাঙালি সেনাদের অস্ত্র জমা দেওয়ার নির্দেশ দেয় ঢাকা ব্রিগেড সদর দপ্তর। কিন্তু মুক্তিকামী বাঙালি সেনারা অস্ত্র জমা না দিয়ে ১৯ মার্চ ‘জয়দেবপুরের পথ ধরো, বাংলাদেশ স্বাধীন করো’ স্লোগান নিয়ে চান্দনা চৌরাস্তা থেকে জয়দেবপুর পর্যন্ত এগিয়ে যান এবং সড়ক অবরোধ করেন। তাঁদের সঙ্গে যোগ দেন জয়দেবপুরের সাধারণ জনতা।তাঁদের রুখতে ব্রিগেডিয়ার জাহানজেবের নেতৃত্বে জয়দেবপুরের দিকে এগিয়ে আসে পাকিস্তানি সেনারা। এ সময় ছাত্র-জনতা তাদের বিরুদ্ধে জয়দেবপুরের রেলক্রসিং এলাকা ও চান্দনা চৌরাস্তায় সশস্ত্র প্রতিরোধযুদ্ধ গড়ে তোলেন।মুক্তিযোদ্ধা আবদুস সাত্তার মিয়া বলেন, ‘ব্রিগেডিয়ার জাহানজেব ওই দিন আমাদের এক, দুই, তিন গোনার সঙ্গে সঙ্গে স্লোগান বন্ধের নির্দেশ দেন। তা অমান্য করলে আমাদের ওপর গুলিবর্ষণ করা হয়। শহীদ হন কানু, নিয়ামত, হুরমত, মনুসহ অনেকে।’জেলা প্রশাসক মো. নুরুল ইসলাম বলেন, প্রথম সশস্ত্র প্রতিরোধ দিবস উদ্যাপনের জন্য জেলা প্রশাসনের উদ্যোগে সাত দিনব্যাপী কর্মসূচি নেওয়া হয়েছে।