গাজীপুরে মুক্তিযোদ্ধা ক্লাবের নামে জুয়ার আসর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সদর উপজেলার বোর্ডবাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে বাংলাদেশ মুক্তিযোদ্ধা ওয়েলফেয়ার ক্লাবের নামে চলছে হাউজি ও জুয়ার আসর। জুয়ার ফাঁদে পড়ে সর্বস্ব হারাচ্ছেন শত শত শ্রমিক ও দরিদ্র লোকজন।ক্লাব কর্তৃপক্ষের দাবি, হাউজি ও জুয়াখেলার জন্য তারা হাইকোর্টের অনুমতি নিয়েছে। এ ছাড়া গাজীপুরের পুলিশ সুপারের কার্যালয়, থানার পুলিশ ও ক্ষমতাসীন দলের স্থানীয় নেতাদের প্রতিদিন মাসোহারা দিয়ে জুয়ার আসর চালানো হচ্ছে।এলাকাবাসীর ভাষ্যমতে, বোর্ডবাজার এলাকার শহীদ সিদ্দিক রোডে এক মাস আগে চার-পাঁচ কক্ষের একটি অফিস ভাড়া নেন জসিম উদ্দিন নামের এক ব্যক্তি। ওই অফিসের সামনে ‘মুক্তিযোদ্ধা ওয়েলফেয়ার ক্লাব’ নামের একটি সাইনবোর্ড টানান তিনি। অফিসের সামনে খোলা জায়গায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে শামিয়ানা টানিয়ে শুরু করেন হাউজি ও জুয়ার আসর। প্রতিদিন সন্ধ্যা থেকে শুরু হয় হাউজি খেলা। এরপর শুরু হয় জুয়া। চলে ভোররাত পর্যন্ত। বোর্ডবাজার এলাকাটি শিল্পসমৃদ্ধ হওয়ায় ওই জুয়ায় আশক্ত হয়ে পড়ছেন কারখানার শ্রমিক ও এলাকার যুবকেরা।গত বৃহস্পতিবার সরেজমিনে গিয়ে দেখা গেছে, ওপরে শামিয়ানা টানিয়ে শতাধিক টেবিল-চেয়ার বসানো। সন্ধ্যার পর থেকে লোকজন আসতে শুরু করে। রাত পৌনে আটটায় শুরু হয় হাউজি খেলা। প্যান্ডেলের পূর্ব পাশে কয়েকটি কক্ষ বানানো হয়েছে। সেখানে বসে জুয়ার আসর। রয়েছে ওয়ান-এইট, ওয়ান-টেন, চেরচেরি, ডাইসসহ বেশ কয়েকটি জুয়ার বোর্ড। সেখানে জুয়াখেলায় ব্যস্ত শতাধিক লোক। এঁদের মধ্যে কারখানার শ্রমিকই বেশি।বোর্ডবাজার এলাকার ব্যবসায়ী সাইদুর রহমান বলেন, ‘মুক্তিযোদ্ধা ওয়েলফেয়ার নামে গাজীপুরে কোনো সংগঠনের নাম আগে শুনিনি। হঠাৎ ওই ক্লাবের সাইনবোর্ড বসিয়ে জুয়ার আসর শুরু হলো। জুয়ার সঙ্গে এলাকার প্রভাবশালী ব্যক্তিরা জড়িত থাকায় কেউ কিছু বলতেও পারছে না।’নাম প্রকাশে অনিচ্ছুক জুয়ার আসরের এক কর্মচারী বলেন, ‘এখানকার জুয়ার বোর্ড থেকে কেউ এক টাকাও জিততে পারে না। যারা জেতে, তারা আমাদেরই সাজানো লোক।’জুয়ার আসরের কর্মচারী মো. মুকুল জানান, যারা জুয়া খেলতে আসে, তাদের গাড়ি রাখার ব্যবস্থা রয়েছে। প্রতিটি গাড়ি থেকে ২০ টাকা নেওয়া হয়।জুয়া ব্যবসায়ীদের সহযোগী মো. আলম বলেন, পুলিশ, রাজনৈতিক নেতাসহ যাদের কারণে জুয়ার আসরে বাধা আসতে পারে, তাদের কাছে টাকা পৌঁছে দেওয়াই হচ্ছে তাঁর কাজ। প্রতিদিন দুই থেকে আড়াই লাখ টাকার মতো ঘুষ দেওয়া হয়।মুক্তিযোদ্ধা ওয়েলফেয়ার ক্লাবের নামে জুয়ার আসরের পরিচালক মো. জসিম উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘হাউজি ও জুয়ার আসরে অনেক শ্রমিক কাজ করে সংসার চালাচ্ছে। হাউজি ও জুয়াখেলার ব্যাপারে হাইকোর্টের অনুমতি আছে। তার পরও স্থানীয় পুলিশ প্রশাসনকে টাকা দিয়েই এক মাস ধরে হাউজি ও জুয়া চলছে।’হাইকোর্টের অনুমতি দেখতে চাইলে তা দেখাতে পারেননি জসিম।গাজীপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার এস এম মজিবুর রহমান প্রথম আলোকে বলেন, ‘মুক্তিযোদ্ধা ওয়েলফেয়ার ক্লাবের নামে হাউজি ও জুয়ার আসর বসানো আমরা সমর্থন করি না। জুয়া ও হাউজি বন্ধ করতে পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।’এ ব্যাপারে গাজীপুরের পুলিশ সুপার আবদুল বাতেন প্রথম আলোকে বলেন, ‘তারা মুক্তিযোদ্ধা ওয়েলফেয়ার ক্লাবে কয়েকটি খেলার ব্যাপারে হাইকোর্ট থেকে অনুমতি নিয়ে এসেছে। তাই আমাদের কিছু করার নেই।’মাসোহারা পাওয়ার কথা অস্বীকার করেছেন পুলিশ সুপার।