গাজীপুরে মেলার নামে অশ্লীল নৃত্য, জুয়া
‘মেলা, মেলা, মেলা। আপনাদের জন্য রয়েছে আকর্ষণীয় পুতুলনাচ।’ এভাবে সকাল থেকে সন্ধ্যা অটোরিকশায় মাইক লাগিয়ে মেলার প্রচারণা চলে। আর সন্ধ্যার পর পুতুলনাচের নামে চলে অশ্লীল নৃত্য। বসে জুয়ার আসর।সাত দিন ধরে মেলার নামে এসব কর্মকাণ্ড চলছে গাজীপুর সদর উপজেলার আমবাগ নোয়াব আলী মার্কেটের সামনের খালি জায়গায়। এ জন্য জয়দেবপুর থানাধীন কোনাবাড়ী পুলিশ ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা প্রতি রাতে ৩০ হাজার টাকা নিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।এলাকার কয়েকজন বাসিন্দা জানান, মেলাটি বসিয়েছেন জাহাঙ্গীর আলম নামের এক ব্যক্তি। তাঁর সঙ্গে আছেন নোয়াব আলী মার্কেটের ব্যবস্থাপক আজহার আলী। গত বুধবার সরেজমিন দেখা যায়, মেলাস্থলে ঢুকতেই চড়কগাছ, দোলনা ও নানা পসরার দোকানপাট। একটু ভেতরে গেলেই দেখা যায়, চেরচেরি, ওয়ান টেনসহ তিনটি জুয়ার বোর্ড। সেখানে দর্শনার্থীদের প্রচুর ভিড় ছিল। মেলাস্থলের পূর্ব পাশে শামিয়ানা ও টিনের বেড়ার একটি ঘর। এটিতে পুতুলনাচের আয়োজন করার কথা বলা হলেও তা দেখা যায়নি। নাচছিলেন কয়েকজন তরুণী।যোগাযোগ করা হলে মেলার আয়োজক জাহাঙ্গীর আলম বলেন, ‘সাত দিন ধরে মেলা চালানো হচ্ছে। এ জন্য অনেককে টাকা দেওয়া হচ্ছে। কোনাবাড়ী ফাঁড়ির দারোগা (উপপরিদর্শক) রবিউল ইসলামকে প্রতি রাতে মেলা শুরু করার আগে ৩০ হাজার টাকা দেওয়া হয়। গত বুধবার থেকে তিনি ঊর্ধ্বতন কর্মকর্তার দোহাই দিয়ে আরও তিন হাজার টাকা বেশি চেয়েছেন।’ জাহাঙ্গীর এ নিয়ে প্রতিবেদন না করার অনুরোধ জানিয়ে এই প্রতিনিধিকে মেলায় আমন্ত্রণ জানান।উপপরিদর্শক রবিউল ইসলাম বলেন, ‘মেলা থেকে টাকা নেওয়ার অভিযোগ সত্য নয়। মেলা কোথায় হচ্ছে, আমি তো সেটাই জানি না।’