গাজীপুরে মেশিনে ওড়না পেঁচিয়ে শ্রমিকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় আজ রোববার সকালে মেশিনে ওড়না পেঁচিয়ে শ্বাসরুদ্ধ হয়ে এক নারী শ্রমিক মারা গেছেন।

নিহত শ্রমিকের নাম মাহমুদা আক্তার (১৯)। তিনি হানিফ স্পিনিং মিলে কাজ করতেন। মাহমুদার বাড়ি রংপুরের কাউনিয়া থানার পূর্ব রাজিবপুর এলাকায়। তিনি পরিবারসহ কালিয়াকৈরের বৌ বাজার এলাকায় থাকতেন।

কারখানার ব্যবস্থাপক মো. শামিম হোসেন সহকর্মীদের বরাত দিয়ে জানান, সকাল ছয়টার দিকে সুতা পেঁচানোর মেশিনে ওড়না জড়িয়ে তাঁর গলায় ফাঁস লেগে যায়। আশঙ্কাজনক অবস্থায় সফিপুর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করে।

কারখানার পক্ষ থেকে মাহমুদার লাশ দাফনে আর্থিক সহায়তা দেওয়া হবে বলে ব্যবস্থাপক শামিম জানান।