গাজীপুরে মেহের আফরোজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারীদের সম্মানিত করলে দেশ এগিয়ে যাবে। এ কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার প্রতিটি কাজে নারীদের সম্মানিত করছে। গতকাল বুধবার গাজীপুরের কালীগঞ্জে এক অনুষ্ঠানে মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এ কথা বলেন।
দুপুরে কালীগঞ্জ উপজেলার তুমলিয়া ইউনিয়ন পরিষদের আয়োজনে বোয়ালী উচ্চবিদ্যালয় মাঠে সরকারের সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচির আওতায় নারীদের মধ্যে ভিজিডি কর্মসূচি ২০১৭-১৮ চক্রের কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন প্রতিমন্ত্রী।
প্রতিমন্ত্রী বলেন, দেশে বিধবা ভাতা, বয়স্ক ভাতা, হিজড়া ভাতা, প্রতিবন্ধী ভাতা, দলিত সম্প্রদায়ের ভাতা, মুক্তিযোদ্ধা ভাতাসহ প্রায় সব ধরনের ভাতা চালু করেছে বর্তমান সরকার। বঙ্গবন্ধু-কন্যা প্রমাণ করেছেন, প্রকৃত মানুষের হাতে নেতৃত্ব গেলে গুণীজনেরা সম্মানিত হন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মু. মুশফিকুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা শাহানাজ আক্তারের পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি পরিমল চন্দ্র ঘোষ, সাধারণ সম্পাদক আবদুল গনি ভূঁইয়া, সদস্য মাজেদুল ইসলাম, তুমলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুবকর মিয়া। এ সময় উপজেলা, পৌর, ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। এর আগে প্রতিমন্ত্রী উপজেলার বাহাদুরসাদী, বক্তারপুর, মোক্তারপুর, জাঙ্গালিয়া, জামালপুর ও নাগরী ইউনিয়নে নারীদের ভিজিডি কার্ড বিতরণ করেন।