গাজীপুরে মেয়ে হত্যায় সৎমায়ের মৃত্যুদণ্ড
গাজীপুরে মেয়েকে হত্যার দায়ে এক সৎমাকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ রোববার দুপুরে গাজীপুরের জেলা ও দায়রা জজ এ কে এম এনামুল হক এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত ওই নারীর নাম শাকিলা জাহান মরিয়ম ওরফে খুকি (৩০)। তিনি বরিশালের বাকেরগঞ্জ থানার শ্যামপুর গ্রামের আক্কাস আলী হাওলাদারের মেয়ে।
আদালত সূত্রে জানা গেছে, গত বছরের ১৩ জুন শাকিলা ঘুমন্ত অবস্থায় ধারালো অস্ত্র দিয়ে স্বামীর প্রথম স্ত্রীর মেয়ে মোছা. সাদিয়া আলম জয়াকে (১৪) কুপিয়ে হত্যা করেন। এ ব্যাপারে নিহত কিশোরীর মা ফারজানা ইসলাম স্বপ্না বাদী হয়ে শাকিলাকে আসামি করে টঙ্গী থানায় একটি হত্যা মামলা করেন। পরে পুলিশ শাকিলাকে গ্রেপ্তার করে। মামলার তদন্তকারী কর্মকর্তা টঙ্গী থানার উপপরিদর্শক (এসআই) আবুল খায়ের তদন্ত শেষে চলতি বছরের ২ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন সরকারি কৌঁসুলি হারিজ উদ্দিন আহম্মদ। আসামিপক্ষে ছিলেন আইনজীবী ফাতেমা আক্তার জলি।