গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে জংশনে গতকাল বৃহস্পতিবার সকালে ঢাকাগামী ট্রেন তুরাগ ছাড়তে দেরি হওয়ায় ঢাকাগামী অপর ট্রেন যমুনা এক্সপ্রেস থামিয়ে বিক্ষোভ করেছে তুরাগের যাত্রীরা। তারা রেললাইনে শুয়ে পড়ে অবরোধ সৃষ্টি করে এবং উভয় ট্রেনের চালককে ট্রেন থেকে নামিয়ে দেয়।এতে যমুনা, তুরাগ, ধূমকেতু ও অগ্নিবীণা ট্রেনগুলো ছাড়তে বেশ দেরি হয়ে। ফলে চরম ভোগান্তিতে পড়ে যাত্রীরা। প্রায় এক ঘণ্টা পর তুরাগ ট্রেনকে আগে যেতে দেওয়া হলে যাত্রীরা অবরোধ তুলে নেয় এবং পরিস্থিতি শান্ত হয়।রেল কর্তৃপক্ষ ও যাত্রীদের সূত্রে জানা গেছে, রেলওয়ে নিয়ন্ত্রণকক্ষের নির্দেশ অনুযায়ী ঢাকাগামী যমুনা এক্সপ্রেস ট্রেনটিকে প্রতিদিন সকাল সাতটা ২৫ মিনিটের দিকে জয়দেবপুর রেল জংশন অতিক্রম করার ব্যবস্থা করতে হয়। এর পরই জয়দেবপুর রেল জংশন থেকে ছাড়া হয় তুরাগ ট্রেনটি। কিন্তু যাত্রীরা তা মানতে নারাজ। তাদের দাবি, তুরাগ আগে ছাড়তে হবে। গতকাল সকালে তুরাগ ছাড়তে দেরি করে যমুনা একপ্রেসকে যেতে দেওয়ার চেষ্টা করলেই তুরাগের বিক্ষুব্ধ যাত্রীরা রেললাইনে অবরোধ তৈরি করে। পরে তুরাগকে আগে যাওয়ার সুযোগ দিলে পরিস্থিতি শান্ত হয়। সকাল আটটার দিকে তুরাগ ছেড়ে যাওয়ার পর ছাড়া হয় যমুনা। এতে ঢাকা থেকে রাজশাহীগামী ধূমকেতু ট্রেনটি পার্শ্ববর্তী ধীরাশ্রম স্টেশনে প্রায় এক ঘণ্টার মতো থামিয়ে রাখা হয়।তুরাগ ট্রেনের যাত্রী সাইফুল ইসলাম জানান, প্রতিদিনই তুরাগ ছাড়তে দেরি করে এবং পরবর্তী স্টেশনগুলোতেও তুরাগ দেরি করে। এতে যথাসময়ে নারায়ণগঞ্জ যাওয়া সম্ভব হয় না।অন্যদিকে যমুনার যাত্রী আসলাম হোসেন জানান, জয়দেবপুরে দেরি হওয়ায় তিনি সঠিক সময়ে অফিসে পৌঁছাতে পারবেন না।জয়দেবপুর রেলওয়ে স্টেশন মাস্টার জিয়াউদ্দিন সরদার জানান, ঢাকা যেতে বেশি পথ অতিক্রম করার কারণে যমুনাকে অগ্রাধিকার দেওয়া হয়। কারণ, যমুনার অনেক যাত্রীকে ঢাকায় গিয়ে অফিস ধরতে হয়।