গাজীপুরে যুবক ও শিশু খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সদর উপজেলার কাশিমপুরে আট বছরের এক মেয়েশিশু ও টঙ্গীর দত্তপাড়ায় এক যুবক খুন হয়েছেন। গতকাল মঙ্গলবার পুলিশ লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়। নিহত যুবকের নাম রাজু হোসেন (২৫)। তিনি দত্তপাড়ার একটি বাসায় ভাড়া থেকে ঢাকার উত্তরার একটি দোকানে সেলাইয়ের কাজ করতেন। নিহত শিশুর নাম-পরিচয় জানতে পারেনি পুলিশ।কাশিমপুরের চক্রবর্তী পুলিশ ফাঁড়ির দায়িত্ব পাওয়া উপপরিদর্শক (এসআই) সৈয়দ আজহারুল ইসলাম জানান, স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ গতকাল সকালে কাশিমপুর বাজারের পশ্চিম পাশে নির্মাণাধীন বাড়ির একটি কক্ষ থেকে ওই মেয়েশিশুর লাশ উদ্ধার করে। শিশুটির পরনে ছিল কালো সালোয়ার ও কমলা রঙের ছাপার কামিজ। জয়দেবপুর থানার কর্তব্যরত কর্মকর্তা সহকারী উপপরিদর্শক (এএসআই) কামরুন্নাহার জানান, শিশুটিকে শ্বাসরোধ ও মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করবে। টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী রুহুল ইমাম জানান, সোমবার রাতে রাজু উত্তরার দোকানে কাজ শেষে বাসার উদ্দেশে রওনা হন। গতকাল সকালে টঙ্গীর দত্তপাড়া এলাকার একটি ফাঁকা জায়গায় তাঁর লাশ দেখে স্থানীয় অধিবাসীরা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ সকাল নয়টার দিকে লাশ উদ্ধার করে। ওসি জানান, রাজুর শরীরে ধারালো অস্ত্রের আঘাতের একাধিক চিহ্ন ছিল। এ ঘটনায় তাঁর ছোট বোন পারভিন আক্তার অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেছেন।