গাজীপুরে যুবক খুন, নারীর হাত বাঁধা লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সদর উপজেলায় আবুল হোসেন নামের এক যুবক খুন হয়েছেন। এ ছাড়া অজ্ঞাতপরিচয় এক নারীর হাত বাঁধা লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলার পৃথক স্থান থেকে তাঁদের লাশ উদ্ধার করে পুলিশ।নিহত আবুল হোসেনের (২২) বাড়ি উপজেলার দক্ষিণ খাইলকৈর এলাকায়। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত রোববার রাত ১০টার দিকে একটি ফোন পেয়ে আবুল বাড়ি থেকে বের হয়ে যান। গতকাল সকালে তাঁদের বাড়ির পাশের পরিত্যক্ত একটি বাড়িতে তাঁর লাশ পাওয়া যায়।জয়দেবপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. খোরশেদ আলম জানান, আবুলের কপাল, পেট ও পাসহ দেহের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় হত্যা মামলা হয়েছে।এদিকে উপজেলার পুবাইলের পূর্ব তালটিয়া এলাকায় ঢাকা বাইপাস সড়কের পাশ থেকে গতকাল সকালে এক নারীর (২৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই নারীর পরনে ছিল লাল রঙের সালোয়ার-কামিজ। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাঁকে শ্বাসরোধে হত্যার পর লাশ ফেলে যায়।জয়দেবপুর থানার পুবাইল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান বলেন, লাল-সবুজ চেকের ওড়না দিয়ে ওই নারীর দুই হাত পেছনের দিকে বাঁধা ছিল।পুলিশ জানায়, লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।