গাজীপুরে যুবককে হত্যার অভিযোগে গ্রেপ্তার ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের কেন্দুয়ারবাইদ এলাকা থেকে গতকাল বৃহস্পতিবার বিমল চন্দ্র দেবনাথ (২৪) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বিমল চন্দ্র দেবনাথকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।নিহত বিমল চন্দ্র দেবনাথের বাড়ি কুমিল্লার তিতাস থানার নারিন্দিয়া খলিলাবাদ এলাকায়। বিমল ফুলবাড়িয়া বাজারে নাজিরুল আহসান নামের এক ব্যক্তির রেডিও-টেলিভিশন মেরামতের দোকানে কাজ করতেন। তিনি নাজিরুলের বাড়িতে থাকতেন।পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, গত বুধবার দিবাগত রাত ১১টার দিকে বিমল চন্দ্র দেবনাথ দোকানে কাজ শেষে বাড়ি ফেরেন। এরপর রাতের কোনো একসময় তাঁকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পুলিশ সূত্র জানায়, বিমলের পেট, পিঠ, হাতসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।স্থানীয় লোকজনের অভিযোগ, নাজিরুল পিটিয়ে বিমলকে হত্যার পর লাশ ঘরের পাশে ফেলে রেখে পালিয়ে যান।কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, এ ঘটনায় বিমলের বাবা ধরনী চন্দ্র দেবনাথ নাজিরুল, নাজিরুলের গাড়িচালক মো. গফুর মিয়া (২৫) ও গৃহকর্মী বিল্লাল হোসেনকে (৩৫) আসামি করে হত্যা মামলা করেছেন। তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।