গাজীপুরে রাসায়নিক গ্যাসের কারণে শিশুর মৃত্যুর অভিযোগ
গাজীপুর সদরের করমতলা এলাকার ক্রিসেন্ট কেমিক্যাল লিমিটেড নামে রাসায়নিক কারখানা থেকে নির্গত তীব্র ঝাঁজালো গন্ধযুক্ত গ্যাসে গতকাল সোমবার এক শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। নিহত শিশুর নাম শাবানা আক্তার।এ ঘটনায় শিশুর বাবা সোলায়মান মিয়া কারখানার ব্যবস্থাপনা পরিচালকের বিরুদ্ধে জয়দেবপুর থানায় মামলা করেছেন।এজাহারে উল্লেখ করা হয়, গতকাল সকাল সাড়ে ছয়টার দিকে শাবানা গ্যাসের কারণে শ্বাসকষ্টে মারা যায়। গ্যাস নির্গত হওয়ার ব্যাপারে এলাকাবাসী কারখানার ব্যবস্থাপনা পরিচালক সিদ্দিকুর রহমানের কাছে বিভিন্ন সময় আপত্তির কথা জানালেও তিনি বিষয়টি আমলে নেননি।এ ব্যাপারে সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আমাদের এখান থেকে যে গ্যাস নির্গত হয়, তা থেকে জীবন-সংশয়ের মতো ঘটনা ঘটার সম্ভাবনা নেই। পরিবেশ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট সবার অনুমতি নিয়ে কারখানা স্থাপন করা হয়েছে।’মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক আবদুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।