গাজীপুরে রিকশা চালককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাওনা টাকা না দেওয়ার অভিযোগে গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকায় গত বৃহস্পতিবার বিকেলে এক রিকশাচালককে পিটিয়ে হত্যা করেছেন এক দোকানদার।নিহত রিকশাচালক আবদুল হাইয়ের (৪২) বাড়ি শেরপুরের নালিতাবাড়ী উপজেলায়। হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে দোকানদারের শ্যালক আকতার হোসেনকে (১৯) গ্রেপ্তার করেছে পুলিশ। আকতারের বাড়ি বাঘের বাজার সিঁড়িচালা এলাকায়।পুলিশ ও এলাকাবাসীর ভাষ্যমতে, সিঁড়িচালা এলাকার নয়ন মিয়ার মুদিদোকান থেকে আবদুল হাই বাকিতে পণ্য কিনতেন। ওই দোকান থেকে তিনি এক হাজার ৮০০ টাকার পণ্য বাকিতে কেনেন এবং ৬০০ টাকা পরিশোধ করেন। বৃহস্পতিবার বিকেলে আবদুল হাই ওই দোকানে গেলে দোকানদার নয়ন বাকি টাকা দাবি করেন। এ সময় আবদুল হাই সব টাকা পরিশোধ করে দিয়েছেন বলে জানান। এ নিয়ে দুজনের মধ্যে বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে নয়ন ও তাঁর শ্যালক আকতার রিকশাচালক আবদুল হাইকে পিটিয়ে গুরুতর আহত করেন। পরে আশপাশের লোকজন আবদুল হাইকে স্থানীয় কাজী ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকি ৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ বৃহস্পতিবার রাতে আবদুল হাইয়ের লাশ উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠায় এবং আকতারকে গ্রেপ্তার করে। এ ব্যাপারে নিহত আবদুল হাইয়ের বড় ভাই আবদুল গনি তিনজনকে আসামি করে জয়দেবপুর থানায় হত্যা মামলা করেছেন।ঘটনার সত্যতা নিশ্চিত করে জয়দেবপুর থানাধীন হোতাপাড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আজহারুল ইসলাম বলেন, আকতার হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে গতকাল শুক্রবার গাজীপুরের আদালতে জবানবন্দি দিয়েছেন।