গাজীপুরে র্যাব সদস্যের স্ত্রী খুন: দুজনের মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের টঙ্গীতে র‌্যাব সদস্যের স্ত্রী হত্যার দায়ে দুজনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ বুধবার দুপুরে গাজীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ কে এম এনামুল হক ওই রায় দেন। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানার দণ্ড দেওয়া হয়েছে।

দণ্ডিত ব্যক্তিরা হলেন পটুয়াখালী সদর উপজেলার সিকেওয়া বুনিয়া এলাকার মো. আবুল বাশার হাওলাদার (৩৩) এবং একই উপজেলার তিওকাটা এলাকার হারুন ঘরামী ওরফে বাবুল (৪৬)। রায় ঘোষণার সময় আবুল বাশার আদালতে উপস্থিত ছিলেন। মামলার অন্য আসামিরা পলাতক রয়েছেন।

গাজীপুর আদালতের পরিদর্শক মো. রবিউল ইসলাম জানান, শেখ ওমর আলী বিজিবির নায়েক পদে কর্মরত ছিলেন। পরে তিনি প্রেষণে র‌্যাব-৪-এ সাভারের নবীনগরের ক্যাম্পে যোগ দেন। এখানে কর্মরত থাকার সময় ২০১৪ সালের ৮ নভেম্বর দুপুরে খবর পান টঙ্গীর বড়দেওড়া খাঁপাড়া রোড এলাকার বাসায় তাঁর স্ত্রী সালমা সুলতানা সাথী দুর্বৃত্তের ছুরিকাঘাতে খুন হন।
পরে ওই দিনই সালমার স্বামী শেখ ওমর আলী বাদী হয়ে অজ্ঞাতনামা দুজনকে আসামি করে টঙ্গী থানায় মামলা করেন। পরবর্তী সময়ে মামলার তদন্ত কর্মকর্তা এএসপি মো. সামসুল হক ওই মামলায় মো. আবদুল বাশার হাওলাদার, মো. হারুন ঘরামী ওরফে বাবুল, মো. সোনা মিয়া, রাজীব মোল্লা ও পনু মিয়ার বিরুদ্ধে ২০১৫ সালের ১৫ আগস্ট আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ১০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আজ আবুল বাশার ও বাবুলের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁদের দুজনকে মৃত্যুদণ্ড ও অর্থদণ্ড দেন। অন্যদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাঁদের খালাসের আদেশ দেন।
রাষ্ট্রপক্ষে গাজীপুরের পিপি মো. হারিছ উদ্দিন আহম্মদ এবং আসামিপক্ষে মো. আসলাম সিকদার মামলা পরিচালনা করেন।